মধ্যবাড্ডায় আ.লীগের কার্যালয়ে ভাঙচুর
রাজধানীর বাড্ডার সুবাস্তু নজরভ্যালি টাওয়ারের কাছে গতকাল বৃহস্পতিবার ভোরে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া শাহাবুদ্দিন (২২) ও মেহেদী হাসান (২৪) জামায়াত-শিবিরের কর্মী বলে দাবি করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে ১৫-২০ জন লাঠিসোঁটা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা আগুন দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ এসে দুর্বৃত্তদের ধাওয়া দেয়। তারা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারে, একটি বিস্ফোরিত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, আটক হওয়া ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী।
সকাল ছয়টার দিকে যাত্রাবাড়ী এলাকায় ছাত্রশিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে।
যুবলীগের কার্যালয়ে আগুন: ভোর পাঁচটার দিকে তিতুমীর কলেজের কাছে যুবলীগ কার্যালয়ে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।