মধ্যবাড্ডায় বাসচাপায় রিকশাচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধ্যবাড্ডার প্রগতি সরণিতে আজ সোমবার বাস চাপায় একজন রিকশা চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দুটি বাস প্রতিযোগিতা করতে গিয়ে রিকশাটিকে ধাক্কা দিলে এর চালক ঘটনাস্থলেই নিহত ও দুই যাত্রী আহত হন। নিহত রিকশাচালকের নাম এখনো জানা যায়নি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বলেন, রাত আটটার দিকে মধ্যবাড্ডা ঢাকা সিএনজি স্টেশনের সামনে বন্ধু পরিবহন ও তুরাগ পরিবহনের দুটি বাস একটি আরেকটিকে ওভারটেক করার সময় রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশাচালক ঘটনাস্থলেই নিহত হন। দুই যাত্রীও গুরুতর আহত হয়েছেন।
এদিকে ওই এলাকায় গুজব ছড়ায় যে ককটেল বিস্ফোরণের পর আতঙ্কে বেপরোয়াভাবে পালাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে চাপা দেয়। তবে ওসি ইকবাল বিষয়টি অস্বীকার করে বলেছেন, এটি নিছক একটি দুর্ঘটনা।
প্রগতি সরণিতে দায়িত্বে থাকা বাড্ডা থানার উপপরিদর্শক সৈয়দ আল মামুন বলেন, ঢাকা সিএনজি স্টেশনের সামনে তুরাগ পরিবহনের বাসটি রিকশাটিকে চাপা দেয়। সেখানে কোনো ককটেল ফোটেনি।
বাড্ডা থানার কর্তব্যরত উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার পর বাস বা এর চালককে আটক করা যায়নি।