মধ্যবিত্তদের জমজমাট ঈদবাজার
চট্টগ্রাম নগরের ইস্পাহানী এলাকা থেকে পরিবার-পরিজন নিয়ে রিয়াজউদ্দিন বাজারে ঈদের কেনাকাটা করতে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. জাবেদ ইশতিয়াক। স্ত্রী ও ছেলের পোশাক কেনা শেষ। মেয়ে মাইশা কিছুতেই তার ড্রেসটি পছন্দ করতে পারছে না। এই দোকান থেকে ওই দোকানে কেবল ঢুঁ মারছে মধ্যবিত্ত এই পরিবারটি। এ রকম হাজার হাজার নর-নারী, শিশু-কিশোরের পদচারণে জমজমাট মধ্যবিত্তদের বাজার খ্যাত রিয়াজউদ্দিন বাজার ও তামাকুমন্ডি লেইন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। পছন্দের সেরা পোশাকটি নিতে ব্যস্ত সবাই।
জাবেদ বলেন, ‘এই বাজারটি আমার খুবই পছন্দ। এখানে যেমন কম দামি জিনিস আছে, তেমনি উঁচু মানের পোশাকও পাওয়া যায়। আমরা বড় বড় মার্কেটেও যাই। তবে শেষ পর্যন্ত রিয়াজউদ্দিন বাজারকে বেছে নিই।’
ঈদ উপলক্ষে প্রতিবছরই নিত্যনতুন পণ্যের মজুত করেন দোকানিরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে রোজার শুরুতে টানা হরতাল ও পরে বৈরী আবহাওয়ার কারণে বাজারে একটু মন্দাভাব ছিল। কিন্তু এখন সেই খরা কেটে গেছে। নারী-পুরুষে ঠাসাঠাসি ভিড় সবখানে। সবচেয়ে বেশি ভিড় নারীদের শাড়ি ও থ্রি-পিসের দোকানে। প্রগতি ক্লথ স্টোরের স্বত্বাধিকারী সাখাওয়াত বিন আমিন বলেন, ‘দেশি শাড়ির পাশাপাশি আমাদের এখানে ভারতের শাড়িও রয়েছে। এবারের ঈদে লেকমি, জারুয়া, শিপন, জর্জেট ইত্যাদি শাড়ি চলছে। রাত দুই-তিনটা পর্যন্ত চলছে বিক্রি।’ তা ছাড়া শিশুদের পোশাক ও জুতার দোকানেও ক্রেতার অভাব নেই। তামাকুমন্ডি লেইনের পপি ফ্যাশনের দোকানি বলেন, ‘নারীদের থ্রি-পিস বেশি চলছে। এখন আমাদের দম ফেলার ফুরসত নেই। গভীর রাত পর্যন্ত কেনাকাটা চলে।’
গতকাল শুক্রবার ছুটির দিনে এখানে তিল ধারণের জায়গা ছিল না। মারিয়া নামের এক নারী বলেন, ‘অফিসের জন্য সময় পাই না। তাই ছুটির দিনটিকে কেনাকাটার জন্য বেছে নিয়েছি।’
রিয়াজউদ্দিন বাজারের পাশে জহুর হকার মার্কেট। এই মার্কেটটিতেও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারা ভিড় করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানেও চলছে বিকিকিনি। এ ছাড়া নগরের লাকি প্লাজা, ভিআইপি শপিং কমপ্লেক্স, নিউমার্কেট, শপিং কমপ্লেক্সে কিছু কিছু মধ্যবিত্ত ক্রেতা যান।