মধ্যবিত্তদের সামর্থ্যের বাইরে বাসাভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বাজারদর অনুযায়ী ঢাকার নিম্নমধ্যবিত্ত মানুষের ৭৮ শতাংশ এবং মধ্যবিত্তদের প্রায় ৭১ শতাংশ নিজেদের সামর্থ্যের মধ্যে বাসস্থানের সুবিধা পায় না। শহরে জমির উচ্চমূল্যের কারণে ৫৬ শতাংশ বাসিন্দার কোনো জমির মালিকানা নেই।
গতকাল সোমবার রাজউক ভবনে আয়োজিত ঢাকার কাঠামো পরিকল্পনার খসড়া নিয়ে আয়োজিত সেমিনারের দ্বিতীয় ও শেষ দিনে ‘সবার জন্য সামর্থ্যের মধ্যে আবাসন’ শীর্ষক প্রবন্ধে এসব তথ্য তুলে ধরা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিশেষজ্ঞ জিনাত নাহরিন আবাসনব্যবস্থা নিয়ে খসড়া পরিকল্পনার মূল বিষয়বস্তু তুলে ধরেন।
প্রবন্ধে নিম্ন, মধ্য ও উচ্চ আয়ের জনগণ বর্তমানে প্রতি বর্গফুটের কত ভাড়া দেন, তা তুলে ধরা হয়। এতে দেখা যায়, নিম্ন আয়ের জনগণ (বস্তিবাসী) প্রতি বর্গফুট জায়গার ভাড়া দেন ১৩ দশমিক ৮ টাকা। মধ্য আয়ের ক্ষেত্রে তা ১৬ দশমিক ৭ টাকা। আর উচ্চ আয়ের জন্য তা ২২ দশমিক ৫ টাকা।
অধিবেশনের উন্মুক্ত আলোচনা পর্বে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব বাসা ভাড়ার এই হার নিয়ে প্রশ্ন তোলেন। তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, তেজগাঁও ও কড়াইল বস্তিতে নিম্ন আয়ের জনগণকে প্রতি বর্গফুটের ভাড়া দিতে হয় প্রায় ৩৪ টাকা। এটা ঢাকার মধ্যবিত্তের গড় বাসাভাড়ার প্রায় দ্বিগুণ। প্রতিবেদনের শুরুতে তথ্যগত ভুল থাকলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।
প্রবন্ধে বলা হয়, বর্তমানে ঢাকা মহানগর এলাকাতেই ১ কোটি ৩২ লাখ লোক বাস করে। ঢাকার পরিকল্পিত আবাসনের মধ্যে সরকারি প্রতিষ্ঠান সরবরাহ করে ৭ শতাংশ আর বাকি ৯৩ শতাংশই বেসরকারি খাত থেকে আসে। রাজউকের অনুমোদন ব্যতীত গড়ে ওঠা আবাসন প্রকল্প ৯৭টি আর অনুমোদিত ৩২টি। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য সামর্থ্যের মধ্যে বাসস্থানের অপ্রতুলতা নগরের আবাসনব্যবস্থার অন্যতম সমস্যা। খসড়া ঢাকা কাঠামো পরিকল্পনার (২০১৬-৩৫) আবাসন খাতের মূল্য লক্ষ্যই নিম্ন ও মধ্যম আয়ের জনগণের জন্য সাশ্রয়ী ও উপযোগী আবাসন বাড়ানো।
আবাসন খাতে ঋণসুবিধা কিংবা অর্থায়নের বিষয়টি দুর্বল বলে প্রবন্ধে উল্লেখ করা হয়। বলা হয়, এ ব্যবস্থা কোনো স্তরের মানুষের চাহিদাই মেটাতে পারেনি। এ অবস্থা থেকে উত্তরণে আবাসন খাতে সুবিধাজনক ঋণ ও অর্থায়নের ব্যবস্থা করা এবং আবাসন খাতে অর্থায়নের ক্ষেত্রে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনকে ঢেলে সাজানো এবং কার্যকর করার পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। নিম্ন ও মধ্য আয়ের জনগণের আবাসন সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ‘ব্লক হাউজিং’ ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও প্রবন্ধে বলা হয়।
আবাসনসংক্রান্ত পরিকল্পনার পর্যালোচনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুল আমিন। তিনি বলেন, প্রতিবছর বিভিন্ন জেলা থেকে আসা ছয় লাখ লোক ঢাকায় স্থায়ী হয়। এই জনগণ যাচ্ছে কোথায়, থাকছে কোথায়, কেউ খোঁজ রাখছে না। রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনার বাইরেও বহু বাজার, অবৈধ ফ্ল্যাট ও বাড়ি গড়ে উঠেছে—এগুলোর বিষয়ে কী হবে।
প্রতিবেদনে দেওয়া বস্তিবাসী ও ভাসমান লোকসংখ্যার সঙ্গে তিনি একমত নন বলে জানান অধ্যাপক শহীদুল আমিন। তিনি বলেন, নিম্ন আয়ের জনগণের জন্য ব্লক আবাসনব্যবস্থার কথা বলা হয়েছে। পর্যাপ্ত খোলা জায়গা রাখতে চাইলে ব্লক-ব্যবস্থা সঠিক পন্থা হবে না।