মধ্যবিত্তরা টাকা আত্মসাৎ করে না: গৃহায়ণমন্ত্রী
মধ্যবিত্ত শ্রেণি কখনো টাকা আত্মসাৎ করে না। সরকারকে মধ্যবিত্ত শ্রেণির জন্য বিশেষ গৃহঋণ দেওয়ার আহ্বান জানিয়ে এ কথা বলেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। আজ বুধবার আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব আয়োজিত পাঁচ দিনের শীতকালীন আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারকে আবাসন খাতে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উদ্দেশে গণপূর্তমন্ত্রী বলেন, ‘আবাসন খাতে বিনিয়োগ করুন। এখানে বিনিয়োগ করলে হলমার্ক কিংবা ডেসটিনির মতো ঘটনা ঘটবে না। মানুষ যেহেতু ব্যবসা নয়, থাকার জন্য ঋণ (টাকা) নেবে, তাঁরা সেটি পরিশোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। সরকার নিশ্চিত থাকতে পারে যে, এ টাকা ফেরত পাবে।
আবাসন খাতের জন্য সরকারকে ২০ থেকে ৫০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল করার অনুরোধ করেন মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘এখান থেকে মানুষ স্বল্প সুদে (এক অঙ্কের সুদ হারে) দীর্ঘদিনের জন্য গৃহঋণ নিতে পারে।’
প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, ‘আবাসন খাতে আগে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করার সুযোগ ছিল। তখন এ অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা হতো না। এখন অর্থ বিনিয়োগের সুবিধাটি থাকলেও প্রশ্ন করার সুযোগও রয়েছে। এ জন্যই বিদেশে অর্থ পাচারের ঘটনা ঘটছে।’
বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামীন। বক্তব্য দেন রিহ্যাবের সহ-সভাপতি রবিউল হক, লিয়াকত আলী ভূঁইয়া, মো. ওহিদুজ্জামান।
রিহ্যাব সূত্র জানিয়েছে, এবারের মেলায় ছোট-বড় দেড় শতাধিক স্টল থাকবে। আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ভবন নির্মাণসামগ্রী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত নির্ধারিত প্রবেশ ফির বিনিময়ে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। একবার প্রবেশের জন্য ৫০ টাকা ও পাঁচবার প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। আগামী রোববার এ মেলা শেষ হবে।
রিহ্যাব জানিয়েছে, মেলায় ক্রেতারা যাতে আবাসন প্রতিষ্ঠানের কোনো প্রকল্পে বিনিয়োগ করে প্রতারিত না হন, এ ব্যাপারে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।