চুয়াডাঙ্গায় গত এক মাসে চাল ও আটার দাম কেজিপ্রতি পাঁচ থেকে আট টাকা করে বেড়েছে। চালকলমালিক, পাইকার ও খুচরা বিক্রেতারা বলছেন, চলমান রাজনৈতিক অস্থিরতা এবং একের পর এক হরতালে উৎপাদন ও পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় প্রতিদিনই দাম বাড়ছে। এ অবস্থায় হতদরিদ্র ও নিন্মমধ্যবিত্তের পাশাপাশি অনেক মধ্যবিত্তও সম্প্রতি ওএমএসের (খোলা বাজারে বিক্রি) দোকান থেকে লাইনে দাঁড়িয়ে চাল-আটা কেনা শুরু করেছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আয়-ব্যয়ের সামঞ্জস্য না হওয়ায় তাঁরা বাধ্য হয়েই ওএমএসের দোকানে যাচ্ছেন। গত সোম ও গতকাল মঙ্গলবার সরেজমিনে ওএমএসের সব কটি পরিবেশকের দোকানে অনেক মধ্যবিত্তকে দেখা গেছে। মধ্যবিত্ত পরিবারের পুরুষদের পাশাপাশি নারী সদস্যরাও বোরকা পরে এসে চাল ও আটা কিনে নিচ্ছেন। জাফরপুর গ্রামের সিরাজুল ইসলাম জানান, পাঁচ কেজি চাল কিনলে বাজারের তুলনায় প্রতি কেজিতে ১২ টাকা হিসাবে ৬০ টাকা কম পাওয়া যাচ্ছে। ওই টাকা দিয়ে শাকসবজি কেনা যাচ্ছে। তাই, তাঁর মতো অনেকেই ওএমএসের লাইনে দাঁড়াচ্ছেন।
সদর উপজেলার সরোজগঞ্জ মোকামে গত সোমবার মোটা হাইব্রিড চাল পাইকারি প্রতি কেজি ২৯ টাকা, রত্না ৩২ টাকা, স্বর্ণা ৩১ থেকে ৩২ টাকা, ব্রি-২৮ (নতুন) ৩৪ থেকে ৩৫ টাকা, ব্রি-২৮ (পুরোনো) ৩৬-৩৮ টাকা এবং চিকন মিনিকেট ৪২ থেকে ৪৫ টাকা। গত রোববার জীবননগর মোকামে প্রায় একই দামে এসব চাল বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা জানান, এই দুটি মোকামে গত এক মাসে মোটা চালের দাম কেজিপ্রতি পাঁচ টাকা এবং চিকন চালের দাম কেজিপ্রতি আট টাকা বেড়েছে। এদিকে তিন-চার দিন ধরে জেলার বিভিন্ন খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারি মোটা হাইব্রিড চাল প্রতি কেজি ৩৩ টাকা, রত্না ৩৫, স্বর্ণা ৩৪ থেকে ৩৬, ব্রি-২৮ (নতুন) ৩৯ থেকে ৪০, ব্রি-২৮ (পুরোনো) ৪০-৪২ টাকা এবং চিকন মিনিকেট ৪৮ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
খুচরা বিক্রেতা ইউনূস আলী জানান, এক মাস আগে তিনি প্রতি কেজি আটা ২৭ থেকে ২৮ টাকা দরে বিক্রি করলেও এখন তা বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৩ টাকা। জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকার নয়টি ওয়ার্ডে নয়জন পরিবেশকের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রি শুরু হয়েছে। প্রতিটি পরিবেশক শনিবার ছাড়া সপ্তাহে ছয় দিন এক মেট্রিক টন করে চাল বিক্রি করছেন। এ ছাড়া, আগে থেকেই পরিবেশকেরা খোলাবাজারে আটা বিক্রি করছেন। ক্রেতারা পরিবেশকদের কাছ থেকে মাথাপিছু পাঁচ কেজি চাল ২৪ টাকা দরে এবং পাঁচ কেজি আটা ২২ টাকা দরে কিনতে পারছেন।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পরিবেশক বদর মুনির বলেন, ‘মধ্যবিত্তরা খোলাবাজারে কিনতে শুরু করায় চাহিদা বেড়েছে। দৈনিক যে এক মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া যায়, তা এক-দেড় ঘণ্টায় বিক্রি হয়ে যাচ্ছে। বরাদ্দ বাড়ানো প্রয়োজন।’ জেলা খাদ্যনিয়ন্ত্রক রফিজ উদ্দিন জানান, বাজার স্থিতিশীল রাখতে কেবল চুয়াডাঙ্গা পৌর এলাকায় খোলাবাজারে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। অন্যান্য উপজেলা ও পৌরসভায় চাহিদা থাকলেও এ ব্যাপারে উচ্চপর্যায় থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় বরাদ্দ দেওয়া যাচ্ছে না।