মধ্যবিত্তরাও খোলাবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় দিশেহারা বরগুনার নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তরাও এখন সরকারের খোলাবাজারের (ওএমএস) চাল বিক্রয়কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছে। কিন্তু চালের অপ্রতুল বরাদ্দের কারণে অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে।শহরের সিদ্দিক স্মৃতিমঞ্চ এলাকার ওএমএস বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা হয় সদর উপজেলার খাজুরতলা গ্রামের গৃহবধূ খাদিজা বেগমের (২৮) সঙ্গে। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘বেয়ান অইতে লাইনে। এহন কয় চাউল শ্যাষ। দুই দিন ধইর্যা চাউল নেতে অইয়্যা এই রহম খালি হাতে বাড়ি যাই। সরকার খোলাবাজারে কম দামে চাউল দেয় বইল্লা দুগ্গা ভাত খাইতে পারি। বাইরে থিয়া ৪০-৪৫ টাহায় চাউল কেনার সামর্থ্য মোগো নাই। এহন দেহি এইহানেও পাওন যায় না।’ তাঁর কথায় সায় দেন চাল নিতে আসা একই গ্রামের আ. হালিম, ফুলতলা গ্রামের রোকেয়া বেগম, খাজুরতলার জয়নব, কুমরাখালীর রাশেদা বেগমসহ অনেকে। কেন্দ্রের ডিলার ইলিয়াস মোল্লা বলেন, ‘প্রতিদিন আমাদের এক হাজার কেজি করে চাল দেওয়া হয়। সকাল ১০টার মধ্যেই তা শেষ হয়। আমরা প্রতিদিন মানুষের গালাগাল শুনি।’ ডিকেপি রোডের ডিলার সামাদুল হক বলেন, ‘আমাদেরও খারাপ লাগে, যখন তিন-চার ঘণ্টা দাঁড়িয়ে কেউ খালি হাতে ফিরে যায়। তা ছাড়া নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরাও খোলাবাজারে চাল নিতে আসায় চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে।’জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, জেলা সদরে পাঁচজন এবং পাঁচটি উপজেলার প্রতিটিতে সাতজন করে ডিলারের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রি করা হচ্ছে। আগে সব জায়গায় পাঁচজন করে থাকলেও ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে সরকার গত ১ জানুয়ারি থেকে সাতজন করে ডিলার নিয়োগ দিয়েছে। কিন্তু তার পরও চাল বিক্রিতে হিমশিম খেতে হচ্ছে ডিলারদের।জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজা মো. মহসিন বলেন, ‘চাহিদার তুলনায় আমাদের বরাদ্দ খুবই অপ্রতুল। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।’