ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা অনুষ্ঠানে গোলাম মুরশিদ
মধ্যবিত্তের বিকাশের পাশাপাশি মূল্যবোধের অবক্ষয় ঘটেছে
স্বাধীন বাংলাদেশে মধ্যবিত্ত শ্রেণির অবিশ্বাস্য বিকাশ ঘটেছে। সেই সঙ্গে মূল্যবোধের অবক্ষয় হয়েছে ভয়াবহভাবে। বললেন, গবেষক ড. গোলাম মুরশিদ। ‘বাংলায় মুসলিম মধ্যবিত্ত শ্রেণির উন্মেষ ও বিকাশ’ শীর্ষক এক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গতকাল শনিবার তিনি এ মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজক বিশ্ববিদ্যালকেন্দ্রিক সংগঠন ‘রিডং ক্লাব’। শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এ ক্লাব প্রতি মাসে একটি বিষয়ের ওপর উন্মুক্ত বক্তৃতার আয়োজন করে থাকে। এটি ছিল তাদের অষ্টম আয়োজন।
গতকাল ড. গোলাম মুরশিদ তাঁর বক্তৃতায় বলেন, দেশ ভাগের ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাঙালি মুসলমান। এর আগে বাংলার মুসলমানদের মধ্যে স্বল্পসংখ্যক উচ্চবিত্ত ছিল। এরা ছিল মূলত কলকাতাকেন্দ্রিক উর্দু ভাষাভাষী। অন্যদিকে ছিল সংখ্যাগরিষ্ঠ নিম্ন শ্রেণির মুসলমান, যাদের অধিকাংশই ছিল চাষি। কোনো মধ্যবিত্ত ছিল না। পাকিস্তান সৃষ্টি হওয়ার ফলে বাঙালি মুসলমান মধ্যবিত্ত শ্রেণি বিকশিত হয়। নিম্ন শ্রেণির মুসলমানেরা বিকশিত হওয়ার সুযোগ পেলেও নিম্ন শ্রেণির হিন্দুরা সামাজিক ও রাজনৈতিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পায়নি। একটা ‘শূদ্রস্থান’ হলে হয়তো তারা বিকাশের সুযোগ পাবে।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাপিডিয়া ও বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষামালার প্রধান সম্পাদক বিশিষ্ট ইতিহাসবিদ ড. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের সময় বিশ্ববিদ্যালয় অবকাঠামোগতভাবে বিশ্বমানের ছিল না। বর্তমানে সে ক্ষেত্রে অসাধারণ উন্নতি হয়েছে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তাকে বিশ্বমানের হতে হবে।’