চাকরি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন সিলেটের ওসমান গনি। কিন্তু মাত্র ২১ বছর বয়সে দুর্ঘটনায় প্রাণ হারিয়ে গত বছরের ২২ নভেম্বর লাশ হয়ে ফেরেন তিনি। ওসমানের বাবা-মায়ের কান্না এখনো থামেনি।
ওসমানের মতো প্রতিবছর গড়ে আড়াই হাজার প্রবাসীর লাশ আসছে ঢাকায়। এঁদের গড় বয়স ৩৫ থেকে ৪০।
গত ৩১ ডিসেম্বর ১০ প্রবাসীর লাশ এসেছিল। সবচেয়ে কম বয়স ৩১ বছরের ফজলুর রহমান মারা যান হূদেরাগে আক্রান্ত হয়ে। সেদিন সবচেয়ে বেশি বয়সী (৪৪) যিনি মারা গিয়েছিলেন, তিনি নরসিংদীর করিম মিয়া।
গত দুই বছরে লাশ হয়ে আসা প্রবাসীদের বয়স বিশ্লেষণ করে দেখা গেছে, ৩৫ থেকে ৪০ বছর বয়সে সবচেয়ে বেশি প্রবাসী মারা গেছেন। মাত্র ২৪ বছর বয়সে মালয়েশিয়ায় গিয়ে স্ট্রোকে মারা যান নারায়ণগঞ্জের কামাল ভূঁইয়া। তাঁর বড় ভাই মোকতার ভূঁইয়া বলেন, ২৪ বছর বয়সের একটি ছেলের স্ট্রোক হতে পারে, এটা বিশ্বাসযোগ্য নয়। এমন করুণ নিয়তি যেন আর কারও না হয়।