মধ্যম আয়ের দেশে উন্নীত করতে তরুণদের কাজে লাগাতে হবে
ডিজিটাল বাংলাদেশ ও ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে হলে চার কোটি তরুণকে কাজে লাগাতে হবে। তাঁদের ছাড়া এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব না। পাশাপাশি সরকারি-বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় ঘটাতে হবে।

গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের ডিসি হিলে ‘ইয়ং বাংলা’ নামের সংগঠন আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন। এতে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক ও সাংসদ নাহিম রাজ্জাক, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ ছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা ও শিশু একাডেমির শিল্পীরা।
স্বাগত বক্তব্যে নাহিম রাজ্জাক বলেন, ‘রূপরেখা-২০২১-কে বাস্তবে রূপ দিতে হলে সবার মধ্যে ঐক্য দরকার। অনেক সংকট-প্রতিবন্ধকতার মাঝে আমাদের এই পথ পাড়ি দিতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় ঘটাতে হবে। ইয়ং বাংলা এই সমন্বয়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।’
শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, উন্নয়নমূলক কার্যক্রমে চার কোটি তরুণের অংশীদারত্ব নিশ্চিত করত হবে। তাহলে ডিজিটাল বাংলাদেশ ও ২০২১ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত করার স্বপ্ন বাস্তবায়িত হবে। তিনি তরুণদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন।
এরপর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এআইইউবি), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) ও নটর ডেম কলেজের শিক্ষার্থীরা তাঁদের প্রযুক্তিবিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, তরুণ সমাজই বাংলাদেশকে বদলে দিতে পারে। তাঁদের মাধ্যমে মধ্যম আয়ের দেশ গড়া সম্ভব। তবে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা নেই। সহনশীলতা থাকলে দেশের চিত্র বদলে যাবে। প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত সমাজকে বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব হবে না বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা।