রাষ্ট্রপতি আবদুল হামিদ ‘রূপকল্প-২০২১’ অনুসারে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে বেসরকারি ও সেবাধর্মী সংগঠনসহ প্রত্যেককে সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রোটারি ইন্টারন্যাশনাল জেলা-৩২৮১-এর এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। খবর বাসসের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ‘২০২১ সালে দেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনকরবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময়ের মধ্যে মধ্যম আয়ের দেশের মর্যাদা পেতে ‘রূপকল্প-২০২১’ ঘোষণা করেছেন। এই লক্ষ্য অর্জনে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমার বিশ্বাস, যদি আমরা নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে যথার্থ ভূমিকা পালন করি, তাহলে আমরা নিজেদের বিশ্বে একটি সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রোটারি ইন্টারন্যাশনালের জেলা গভর্নর সাফিনা রহমান, রোটারিয়ান রফিক আহমেদ সিদ্দিকী এবং ইব্রাহিম খলিল আল জায়েদ পিনাক বক্তব্য দেন।
অনুষ্ঠানে আর্তমানবতার সেবায় অবদান রাখার জন্য আটজনকে সম্মাননা জানায় রোটারি ইন্টারন্যাশনাল।