আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত। এর পেছনে কারখানা ব্যবস্থাপনার মধ্যম সারির কর্মকর্তারা জড়িত। এ ছাড়া ভবন নির্মাণে ত্রুটি থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে। অধিকতর তদন্ত করলেই প্রকৃত তথ্য বের হয়ে আসবে।তাজরীনের ঘটনায় নিজস্ব তদন্ত প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। কারখানার প্রথম তলায় অপরিকল্পিত গুদাম, এর চারপাশে দেয়াল না থাকা এবং প্রতিটি সিঁড়ি বাইরে এসে শেষ না হওয়ায় এত শ্রমিকের মৃত্যু কিংবা হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়।নিজস্ব ভবনে গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। এ সময় বিজিএমইএর সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, ১১ সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক এস এম মান্নানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।সফিউল ইসলাম বলেন, ‘আমরা কাউকে বাঁচাতে বা দোষী সাব্যস্ত করতে চাই না। আমরা কেবল কিছু সূত্র দিতে চাই। তবে বাইরের নয়, ভেতরের লোকজনই এ ঘটনার সঙ্গে জড়িত।’তদন্ত প্রতিবেদনে অনেক বিষয় উঠে এলেও তাজরীনের মালিকপক্ষের বিষয়ে পাঁচ পাতার প্রতিবেদনে একটি শব্দও নেই। এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে বিজিএমইএর সভাপতি বলেন, ‘আমরা সবার সঙ্গেই কথা বলেছি। কেউ-ই আমাদের সন্দেহের বাইরে নয়। তবে আমরা চাই আসল ঘটনা প্রকাশিত হোক।’প্রতিবেদনে বলা হয়, কারখানার প্রথম তলায় কর্মরত লোডার, গার্ড, বয়লার অপারেটর এবং কিছু মধ্যম সারির কর্মকর্তার কর্মকাণ্ড ও গতিবিধি ছিল সন্দেহজনক। এ ছাড়া শ্রমিকদের বের হতে বাধাদান পরিকল্পিত ঘটনার ইঙ্গিত বহন করে। তা ছাড়া আগুন লাগার আগে কারখানায় বহিরাগত কেউ প্রবেশ করেছিল এমন কোনো প্রমাণ বা সাক্ষ্য পাওয়া যায়নি। বিজিএমইএর তদন্ত কমিটি তাজরীনের বিষয়টি আইনের আওতায় এনে অধিকতর তদন্তের পরামর্শ দেয়।উল্লেখ্য, গত ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১২ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এর মধ্যে পরিচয় নিশ্চিত না হওয়ায় ৫৩টি লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার পর ফায়ার অ্যালার্ম শুনে শ্রমিকেরা বের হতে চাইলেও ব্যবস্থাপক দুলাল উদ্দিন, মোবারক হোসেন, দুলাল বৈরাগী, শহীদুজ্জামান, হামিদুল ইসলাম, নিরাপত্তা সুপারভাইজার আলামিন এবং কারখানা ব্যবস্থাপক মো. আবদুর রাজ্জাক বাধা দেন। তাঁরা আগুন লাগেনি বলে শ্রমিকদের কাজে ফিরে যেতে বলেন।এ ছাড়া আগুন লাগার আগে লোডার সর্দার আনোয়ার ও বয়লার অপারেটর নুরুদ্দিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না বলেই বাইরে চলে যান। যেখানে আগুন ধরেছিল, সেখানে সাধারণত কাটিংয়ের লোডাররা বসে বিশ্রাম নিতেন। কিন্তু আগুন লাগার আগে ও পরে তাঁদের অবস্থান সম্পর্কে জানা যায়নি।সফিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের পর কারখানার সব শ্রমিক বেতন নিতে এলেও এসব কর্মকর্তা আসেননি। এমনকি কেউ জানে না, তাঁরা কোথায়। এটি খুবই সন্দেহজনক।