মধ্যযুগের বাংলা সাহিত্যে তাঁর অবদান ছিল অসামান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, আবদুল করিম সাহিত্যবিশারদই প্রথম বলেছিলেন, বাংলা বাঙালির জাতীয় ভাষা। তিনি ছিলেন অত্যন্ত সরল প্রকৃতির। মধ্যযুগের বাংলা সাহিত্যে তাঁর অবদান ছিল অসামান্য।
রাজধানীর বাংলা একাডেমিতে গতকাল সোমবার এক অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান এ কথা বলেন। আবদুল করিম সাহিত্যবিশারদের ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, ‘আবদুল করিম সাহিত্যবিশারদের যে অবদান পুঁথি সংগ্রহে, সম্পাদনে ও আমাদের সাহিত্য সমৃদ্ধকরণে, তা গুরুত্বপূর্ণ। তাঁর অসাম্প্রদায়িকতার পরিচয় পাওয়া যায় পুঁথি সংগ্রহে ও সম্পাদনায়। পুঁথি সংগ্রহ করতে গিয়ে তিনি চাকরি হারান। তারপরও তিনি দমে যাননি। বাংলায় লেখা আঞ্চলিক ইতিহাসের মধ্যে তাঁর গ্রন্থ ইসলামাবাদ প্রথম। ১৯১৮ সালে এক প্রবন্ধে তিনি বলেন, ‘বাংলা বাঙালির জাতীয় ভাষা। বাংলা জাতীয় ভাষা করার কথা তাঁর আগে কেউ বলেছে কি না তা আমার জানা নেই।’
অনুষ্ঠানে সূচনা বক্তব্যে বাংলা একাডেমির সচিব মো. আনোয়ার হোসেন বলেন, মধ্যযুগের বাংলা সাহিত্যের পুঁথি সংগ্রহ করে আবদুল করিম সাহিত্যবিশারদ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সহজ-সরল ছিলেন, যা অনুকরণীয়।
অনুষ্ঠানে ‘আবদুল করিম সাহিত্যবিশারদ: বরেণ্য বাঙালি মনীষা’ শীর্ষক একক বক্তব্য দেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মাহাবুবুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, আবদুল করিম সাহিত্যবিশারদ ছিলেন উদার, অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও প্রগতিশীল চিন্তাচেতনার অধিকারী। বাংলা ভাষা, সাহিত্য, বাঙালি জাতি ও সংস্কৃতির প্রতি তাঁর ছিল অসামান্য অনুরাগ।
আবদুল করিম সাহিত্যবিশারদের জন্ম ১৮৭১ সালের ১১ অক্টোবর, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সুচক্রচণ্ডী গ্রামে। সে সময় কক্সবাজারসহ সমগ্র দক্ষিণ চট্টগ্রামে তিনিই ছিলেন প্রথম মুসলমান, যিনি এন্ট্রাস পাস করে সাড়া জাগিয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বাংলা সাহিত্যে পুঁথি গবেষণায় ও সাহিত্য সাধনায় তিনি যুক্ত ছিলেন। সাহিত্য-কৃতির স্বীকৃতি হিসেবে তিনি ‘সাহিত্যবিশারদ’ উপাধিতে ভূষিত হন। ১৯৫৩ সালের ৩০ সেপ্টেম্বর তিনি চট্টগ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।