
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে উত্তর দিকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢোলসমুদ্র গ্রাম। সেই গ্রামে প্রাচীন ঐতিহ্যের সন্ধানে বেশ কিছুদিন ধরে খননকাজ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সেখানে একটি নিদর্শন পাওয়া গেছে, যা মধ্যযুগের প্রভাবশালী এক মুসলিম শাসকের সমাধিসৌধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আতাউর রহমান জানান, ওই সমাধিসৌধের আশপাশের এলাকা মধ্যযুগের এক প্রভাবশালী শাসকের অধীনে ছিল বলে তাঁরা ধারণা করছেন।
খননকাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের ঢোলসমুদ্র এলাকায় প্রাচীন ঐতিহ্যের সন্ধানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক বিভাগের উদ্যোগে ও ব্যবস্থাপনায় তিন মাস আগে ২৫ জন শ্রমিক নিয়ে খননকাজ শুরু হয়। খননকালে মাটির নিচ থেকে বেরিয়ে আসে কারুকার্যখচিত ইট ও ইটের তৈরি দেয়াল। দেয়ালের বাইরে হাতে কাটা ইটের জালি নকশা ও বিভিন্ন স্থাপনা।খননকাজের শেষ পর্যায়ে এসে সন্ধান পাওয়া গেল স্থাপত্যের নিদর্শন; যেটি মধ্যযুগের প্রভাবশালী এক মুসলিম শাসকের সমাধিসৌধ বলে তাঁরা অনুমান করছেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ও খনন দলের নেতা নাহিদ সুলতানা জানান, ঢোলসমুদ্র গ্রামের একটি সুউচ্চ ঢিবির চারটি জায়গায় খনন চালানো হয়েছে। সেখানে খ্রিষ্টীয় ত্রয়োদশ বা চতুর্দশ শতাব্দীতে নির্মিত মসজিদের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। খননকাজের শেষ পর্যায়ে এসে উন্মোচিত হলো মধ্যযুগের মুসলিম স্থাপত্যের নিদর্শন। এখানে মধ্যযুগের প্রভাবশালী মুসলিম শাসকের শাসন ছিল। তবে ওই শাসকের নাম শনাক্ত করা না গেলেও ধারণা করা হচ্ছে, মধ্যযুগের প্রভাবশালী মুসলিম শাসকদের তিনি একজন। সমাধিসৌধের পাশে বিশাল মাঠে ওই শাসকের প্রশাসনিক কার্যালয় স্থাপিত থাকার বিষয়টি অনুমান করা গেছে। এ ছাড়া আশপাশের স্থাপনা, বড় বড় পুকুর দেখে মনে হচ্ছে এটি মুসলিম স্থাপত্য কাঠামো এবং সামন্ত রাজা, কররানি, গাজি ও সুফি-সাধকেরা এ অঞ্চল শাসন করেছেন। আর শাসন অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো এখান থেকে।
নাহিদ সুলতানা জানান, বাজেট না থাকায় আপাতত খননকাজ বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী সময়ে বাজেট নিয়ে সমাধিসৌধের আশপাশের এলাকায় মাঠ, পুকুর, দিঘিসহ বিভিন্ন স্থান খনন করা হবে। আশা করা হচ্ছে, খননের পর এখানে আরও নিদর্শন পাওয়া যাবে।