মধ্যরাত পর্যন্ত ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে ১১টা ছুঁয়েছে। ঠাকুরগাঁও শহরের নর্থ সার্কুলার সড়কে তখনো ব্যস্ততা। ঈদ সামনে রেখে এখন মধ্যরাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত মানুষ। শহরের ছোটখাটো দোকান থেকে শুরু করে অভিজাত বিপণিকেন্দ্রগুলোতে চলছে কেনাকাটার মহোৎসব।
আর কয়েক দিন পরই ঈদ। হাতে সময় কম। তার ওপর দিনে থাকে কাজের ব্যস্ততা। অনেকে আবার রোজা রেখে দিনে ঘোরাঘুরি পছন্দ করেন না। তাই সুযোগ বুঝে অনেক ক্রেতা ইফতার সেরে ধীরেসুস্থে বেরিয়ে পড়েন কেনাকাটায়।
ঠাকুরগাঁও শহরের কেনাকাটার অন্যতম প্রিয় জায়গা নর্থ সার্কুলার সড়কের পৌর মার্কেট, মৌচাক মার্কেট, হাওলাদার মার্কেট, টাউন প্লাজা ও শাহজালাল শপিং মল। এবার ঈদ উৎসব রাঙাতে দোকানিরা শাড়ি, থ্রি-পিসসহ এনেছেন বাহারি সব পোশাক। গত সোমবার রাতে এসব মার্কেটে অনেক মানুষের ভিড় চোখে পড়ে। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই কেনাকাটা করছেন। টাউন প্লাজার নিউ চয়েস ফ্যাশনের মালিক মো. আলমগীর বলেন, দিনের তুলনায় রাতে ক্রেতা সমাগম বেশি হচ্ছে। ১৫ রমজান থেকেই ক্রেতাদের এই ভিড়। চলবে চাঁদরাত পর্যন্ত।
পৌর মার্কেটের একটি অভিজাত বিপণিকেন্দ্রে স্বামী জোবাইদুল আজিজকে সঙ্গে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছিলেন ঘোষপাড়া মহল্লার ফারহানা ইয়াসমিন। তিনি বলেন, ‘দিনের বেলায় প্রচণ্ড গরম থাকে। সারা দিন রোজা রাখায় শরীর ক্লান্ত হয়ে পড়ে। তাই ইফতারের পর একটু বিশ্রাম নিয়ে রাতে কেনাকাটা করতে চলে এসেছি।’
দিনের তুলনায় সন্ধ্যায় কেনাকাটা বাড়ে বলে জানিয়েছেন দোকানিরা। পৌর মার্কেটের বাগদাদ ক্লথ স্টোরের মালিক মো. হেলাল বলেন, সন্ধ্যার পর ঈদের বাজার বেশি জমে। সারা দিন তাঁর দোকানে যা কেনাবেচা হয়, সন্ধ্যার পর তার চেয়ে বেশি হয়। প্রতিদিন রাত একটা পর্যন্ত এই মার্কেটে কেনাবেচা চলে। বেশির ভাগ দিন দোকানে সাহরি খেয়ে বাড়ির দিকে রওনা হন।
পৌর মার্কেটের লাবণ্য ফ্যাশনে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে কেনাকাটা করতে এসেছেন কলেজপাড়া মহল্লার বাসিন্দা আতাউর রহমান। তিনি বলেন, ‘দিনের বেলায় ক্রেতাদের প্রচণ্ড ভিড় থাকে। এ কারণে কাপড় বেছে নেওয়া যায় না। রাতে মানুষ কিছুটা কম থাকে বলে অনেক সময় নিয়ে কাপড় পছন্দ করা যায়। তাই রাতেই কেনাকাটা করতে এসেছি।’ পছন্দের কাপড়টি দেখতে দেখতে তিনি জানালেন, ঈদের কাছাকাছি সময়ে কেনাকাটায় দিন-রাতের কোনো পার্থক্য নেই।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, ঈদ সামনে রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপণিকেন্দ্রগুলোর আশপাশে ও শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। এসব উদ্যোগের কারণে ক্রেতারা মধ্যরাতেও স্বাচ্ছন্দ্যে ঈদের কেনাকাটা করতে পারছেন।