মধ্যরাতে আ.লীগের দুই পক্ষের শোডাউন
রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত সোমবার মধ্যরাতে আওয়ামী লীগের দুই পক্ষ শোডাউন করেছে। একপক্ষে নেতৃত্ব দেন আওয়ামী লীগের রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী। অন্যপক্ষের নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের তিনজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, একুশের প্রথম প্রহরেসোমবার রাত ১২টা ১ মিনিটে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে এসে ওই দুই পক্ষের নেতারা নিজেদের প্রভাব দেখাতে শোডাউনের আয়োজন করেন। এ সময় সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী পাঁচ শতাধিক লোক নিয়ে পৌর শহরে শোডাউন দিয়ে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে টুটুল চৌধুরী সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে একই সময়ে শোডাউন দেন। ওই শোডাউনের অগ্রভাগে ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র উত্তম কুমার সাহা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী। পরে রাত সোয়া ১২টার দিকে তাঁরা শহীদ মিনারে গিয়ে ফুল দেন।
ওই সময় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে পৌর মেয়র উত্তম কুমার সাহা বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা আওয়ামী লীগের প্রয়াত নেতা যোগাযোগ প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরীর ছেলে টুটুল চৌধুরীর নেতৃত্বে রয়েছেন। আমরাও তাঁর সঙ্গে আছি।’
জানতে চাইলে টুটুল চৌধুরী বলেন, ‘সাংসদ দলের নেতা-কর্মীদের তোয়াক্কা করেন না। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর আচরণ ও কাজে অসন্তুষ্ট। সাংসদ হওয়ার পর তিনি (আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী) দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এ কারণে আমরা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা একজোট হয়ে পৃথকভাবে শহীদ মিনারে মিছিলসহ ফুল দিয়েছি।’ মিছিলে আড়াই হাজার নেতা-কর্মী ছিলেন বলে তিনি দাবি করেন।
তবে শোডাউনের বিষয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ফোন ধরেননি।