চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীবাস প্রীতিলতা হল থেকে গত শুক্রবার গভীর রাতে এক বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ। যুবকের নাম নুরুল হুদা। তাঁকে হাটহাজারী থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।প্রীতিলতা হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী প্রথম আলোকে জানান, শুক্রবার রাত দেড়টার দিকে তাঁরা বহিরাগত ওই যুবককে হলের খাবার কক্ষের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেন। এ সময় তাঁরা চিৎকার করে হলের দারোয়ানকে ডাক দেন। পরে দারোয়ানসহ নিরাপত্তা কর্মীরা এসে তাকে হলের টেলিফোন বুথে আটকে রাখেন। ঘণ্টা খানেক পরে হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা ঘটনাস্থলে এসে ওই যুবককে পুলিশের হাতে সোপর্দ করেন।হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, হলের পেছনের দিকের দেয়ালের ওপরের কাঁটাতার ছেঁড়া থাকায় হয়তো ওদিক দিয়েই ওই যুবকটি ঢুকে পড়েছে।এদিকে নুরুল হুদা খাবার কক্ষে ভাত খেতে ঢুকেছে বলে উপস্থিতিদের কাছে দাবি করে। তবে হলের শিক্ষার্থীদের অভিযোগ, নিরাপত্তা-সংকটের সুযোগ নিয়ে অপ্রীতিকর কোনো কাজের উদ্দেশ্যে সে হলে ঢুকেছে।বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, মধ্যরাতে ছাত্রী হলে প্রবেশের অপরাধে নুরুল হুদা নামের ওই যুবককে আটক করে হাটহাজারী থানায় পাঠানো হয়েছে। তার বাড়ি ক্যাম্পাসের পার্শ্ববর্তী জোবরা গ্রামে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজউদ্দৌল্লাহ বলেন, হলের নিরাপত্তা-ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এর আগেও চলতি বছরের ৬ জানুয়ারি সন্ধ্যায় প্রীতিলতা হলে প্রবেশ করার অপরাধে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করেছিল পুলিশ। পরে লোক দেখানো মুচলেখা নিয়ে তাদের ওই দিন রাতেই ছেড়ে দেওয়া হয়।