কনটেইনার ডিপোতে আগুন
মধ্যরাতে ছুটে আসেন চিকিৎসক–নার্স
যাঁদের ডিউটি ছিল না, তাঁরাও খবর পেয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। আসেন ইন্টার্ন চিকিৎসকেরাও।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের শয্যা ও মেঝেতে এলোমেলোভাবে চিকিৎসাধীন রোগীরা। কাভার্ড ভ্যানের সহকারী আনোয়ার হোসেনের জায়গা হয়েছে মেঝেতে। তাঁর পাশের কক্ষে আগুনে সর্বাঙ্গ পুড়ে যাওয়া এক ব্যক্তিকে দেওয়া হচ্ছে শুশ্রূষা। সারা গা ব্যান্ডেজে ঢাকা লোকটির মুখমণ্ডলও দগ্ধ। যন্ত্রণাক্লিষ্ট অসহায় চাহনি।
এই রোগীদের এই যন্ত্রণা কমাতে গত শনিবার রাত থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। রাতের বেলায় হাসপাতালে সাধারণত জ্যেষ্ঠ চিকিৎসকেরা থাকেন না। কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর যখন আহত ব্যক্তিদের স্রোত নামে হাসপাতালে, তখন ঘরে বসে থাকতে পারেননি চিকিৎসক ও নার্সরা। তাঁরা ছুটে যান হাসপাতালে।
রোগীর চাপ টের পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রাতেই তাঁদের অতিরিক্ত জনবলকে খবর দিতে শুরু করে। আধা ঘণ্টার মধ্যেই চিকিৎসক ও নার্সরা কাজে নেমে পড়েন।
ডিপোতে অগ্নিকাণ্ডে আহত প্রায় ২০০ জন রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৭০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। বাকিরা অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত প্রথম আলোকে বলেন, আবাসিকচিকিৎসা কর্মকর্তা, ইন্টার্ন থেকে শুরু করে জ্যেষ্ঠ চিকিৎসকদেরও ডেকে আনা হয়েছে। এ ছাড়া অনেকে স্বপ্রণোদিত হয়ে চলে এসেছেন।
অন্যান্য বেসরকারি মেডিকেলের চিকিৎসকেরা এসেও সেবায় অংশ নিয়েছেন। জরুরি পরীক্ষা–নিরীক্ষার বিভাগগুলো ও ব্লাড ব্যাংক সার্বক্ষণিক সেবা দিয়ে গেছে।
সবচেয়ে বেশি ৫৬ জন রোগী ভর্তি হন হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে। এই বিভাগের প্রধান রফিক উদ্দিন আহম্মদ, সহকারী অধ্যাপক এস খালেদসহ জ্যেষ্ঠ চিকিৎসকেরা দ্রুত হাসপাতালে আসেন। তাঁরা দ্রুততার সঙ্গে পোড়া রোগীদের ব্যবস্থাপনায় নিজেদের নিয়োজিত করেন। এই বিভাগের চিকিৎসক, সহকারী রেজিস্ট্রার লিটন পালিত জানান, তাঁদের ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের ১৭ জনের শ্বাসনালি পুড়ে গেছে। তিনজনকে জেনারেল হাসপাতালের আইসিইউতে ও একজনকে মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৫৫ শতাংশ পর্যন্ত পুড়ে যাওয়া রোগীও রয়েছেন।
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, বার্ন ইউনিটে স্থান সংকুলান না হওয়ায় পাশের প্রসবোত্তর বিভাগেও কিছু রোগী রাখা হয়েছে। চিকিৎসক, নার্স সবাই রোগী নিয়ে ব্যস্ত। ইউনিটের রোগী ব্যবস্থাপনা কক্ষ দুটিতে একাধিক রোগীকে সেবা দিতে দেখা যায়।
বার্ন ইউনিটের মতো ব্যস্ত ছিলেন অ্যানেসথেসোলজি বিভাগের চিকিৎসকেরা। একপর্যায়ে দেখা যায়, বেশির ভাগ রোগীর অবস্থা খারাপ। জরুরি অস্ত্রোপচারে অ্যানেসথেসিয়া দেওয়ার জন্য আরও চিকিৎসকের দরকার পড়ে। বিভাগের প্রধান প্রণয় কুমার দত্ত ও আবাসিক চিকিৎসক ইশতিয়াক মাহমুদ নিজে যোগাযোগ করে অতিরিক্ত চিকিৎসক আনার ব্যবস্থা করেন।
ইশতিয়াক বলেন, যাঁদের ডিউটি ছিল না, তাঁরাও খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন। বিভিন্ন কোর্সে অধ্যয়নরতদের পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকেরা এসে রোগী ব্যবস্থাপনায় যোগ দেন। পাশাপাশি নার্সও পর্যাপ্ত সংখ্যায় চলে আসেন। এতে হঠাৎ করে এত রোগীর চাপ সামলাতে বেগ পেতে হয়নি।