সিলেটের এমসি কলেজের ক্লাস শুরুর দিনটি সামনে রেখে গত সোমবার দিবাগত রাত প্রায় আড়াইটায় নগরের ইসলামপুর এলাকার মেজরটিলার ফাল্গুনী আবাসিক এলাকার একটি বাসায় ‘গোপন বৈঠক’ থেকে পুলিশ ছাত্রশিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার গ্রেপ্তার ব্যক্তিদের এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় ছাত্রলীগের কর্মীর করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন: মৌলভীবাজারের বড়লেখার মো. শাহেদুল ইসলাম (২৬); কুলাউড়ার সুলতান আহমদ (২২); সিলেটের গোয়াইনঘাটের নোমান আহমদ (২১), সুলতান আহমদ (১৮), মো. সুলতান (২১), দেলওয়ার হোসেন (২০); কানাইঘাটের সালেহউদ্দিন গাজী ও মেজরটিলার আতিকুর রহমান (২০)।গত ৮ জুলাই শিবির-ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। আজ বুধবার থেকে কলেজ কর্তৃপক্ষ ক্লাস শুরুর তারিখ ঘোষণা করে। ছাত্রশিবিরের উদ্বেগ: ছাত্রাবাসে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কলেজের ক্লাস শুরুর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির। গত সোমবার রাতে মহানগর শিবিরের সভা থেকে এ উদ্বেগ প্রকাশ করা হয়।