মধ্যরাতে হঠাৎ পরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ
মধ্যরাতে হঠাৎ পরিবহন ধর্মঘট আহ্বান করায় রংপুর এলাকায় কয়েক শ বাস-ট্রাক মহাসড়কে আটকা পড়ে যাত্রীরা অসহনীয় দুর্ভোগের শিকার হন। পত্রিকাবাহী গাড়িসহ রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সও রেহাই পায়নি।
গত রোববার রাত ১২টার দিকে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রংপুর বিভাগে এই ধর্মঘট আহ্বান করা হয়। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু মহাসড়কে যাত্রীরা ১২ ঘণ্টা আটকা পড়ায় অনেক রোজাদার রোজার প্রথম দিনে সেহ্রি খেতে পারেননি।
এ ব্যাপারে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ মজিদ বলেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের আমতলী এলাকায় পুলিশ মোটর শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে শ্রমিক ইউনিয়নের কয়েকজন আহত হন। এ সময় পুলিশ ফাঁকা গুলিও ছোড়ে। এ ঘটনার প্রতিবাদে এই ধর্মঘট আহ্বান করা হয়। তবে গতকাল সোমবার পুলিশের সঙ্গে বৈঠকে সমঝোতা হওয়ার পর দুপুর ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
রংপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আবু নাসের রিকাবদার বলেন, পুলিশের একটি গাড়ি রংপুর শহর থেকে পীরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে শহরের আমতলী এলাকায় মোটরশ্রমিক ইউনিয়নের লোকজন গাড়িটি আটকানোর চেষ্টা করে। রাস্তায় ডাকাত পড়েছে ভেবে পুলিশ সদস্যরা এ সময় গাড়ি থেকে নেমে তাদের ধাওয়া করে। তবে ফাঁকা গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি।
বাস-ট্রাকচালক, যাত্রী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ ধর্মঘট ডাকায় রংপুর বিভাগের আটটি জেলার ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো বিভিন্ন সড়ক ও মহাসড়কে আটকা পড়ে। রংপুর-পীরগঞ্জ মহাসড়কের ৪০ কিলোমিটার, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া তিস্তা সেতু পর্যন্ত ৪৫ কিলোমিটার, রংপুর থেকে দিনাজপুরের দিকে ৩০ কিলোমিটার মহাসড়কে যাত্রীবাহী কয়েক শ গাড়ি আটকা পড়ে।
মেডিকেল মোড়ের সড়কে আটকে পড়া যাত্রী দিনাজপুরের শিক্ষক রহমত আলী বলেন, ‘এমনিতেই প্রচণ্ড গরম। তার ওপর সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা যে কী বিরক্তিকর, তা প্রকাশ করা যায় না। রোজার প্রথম দিনই শুধু পানি খেয়ে রোজা থাকতে হলো।’ শহরের মডার্ন মোড়ে আটকে পড়া কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রী চাকরিজীবী এজাজুল ইসলাম বললেন, ‘ভাবছিলাম আজ (সোমবার) সকালে অফিস করব। কিন্তু তা আর হলো না।’
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সিও বাজার এলাকার মহাসড়কে দেখা গেছে, একটি অ্যাম্বুলেন্স অনবরত সাইরেন বাজিয়ে চলেছে। কিন্তু পুরো সড়কজুড়ে গাড়ির জট আর খুলছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি নৈশকোচের চালক বলেন, ‘এভাবে রাতে হঠাৎ ধর্মঘট ডাকায় আমরা বিপদে পড়েছি। আগাম জানলে তো গাড়ি ছাড়া হতো না।’