মধ্যরাতে হলে তল্লাশি লাঠি, দা ও রড উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার মধ্যরাতে প্রতিটি ছাত্র হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ বিভিন্ন হল থেকে রড, দা, টেঁটা, ক্রিকেট খেলার স্টাম্প ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে। তল্লাশির খবরটি আগেই জানাজানি হওয়ায় বিভিন্ন হল থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে রাখা হয় বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, সন্ধ্যার পরপরই তল্লাশির বিষয়টি জানাজানি হয়। এর ফলে আগ্নেয়াস্ত্রগুলো লুকিয়ে ফেলায় পুলিশ তা উদ্ধার করতে পারেনি।তল্লাশি শেষে রাত দুইটার দিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমাম হোসেন সাংবাদিকদের বলেন, অস্ত্র উদ্ধারের উদ্দেশে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। তল্লাশির বিষয়টি আগেই জানাজানির সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া অন্য কেউ তল্লাশির বিষয়ে আগে থেকে জানতেন না। তল্লাশির বিষয়টি আগে থেকেই ক্যাম্পাসে ছড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আগ্নেয়াস্ত্র কিংবা অন্য কিছুর বিষয়ে আমরা কিছুই জানি না। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়।’জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছয়টি ছাত্র হলে তল্লাশি চালায় পুলিশ। ঢাকা জেলার পুলিশ সুপার মো. ইকবাল বাহারের নেতৃত্বে প্রায় ৫০০ পুলিশ এতে অংশ নেয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমাম হোসেনসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিটি হলের প্রাধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা তাঁদের সঙ্গে ছিলেন। তল্লাশি চালিয়ে পুলিশ বিভিন্ন হল থেকে বাঁশের লাঠি, টেঁটা, দা, রড, ক্রিকেট খেলার স্টাম্প ও পরিত্যক্ত অবস্থায় একটি খেলনা পিস্তল উদ্ধার করে।