মধ্যরাতেও জমজমাট বিপণিবিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের একটি দোকানে শাড়ি বাছাই করছেন কয়েকজন ক্রেতা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ময়মনসিংহ শহরের একটি দোকানে শাড়ি বাছাই করছেন কয়েকজন ক্রেতা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ময়মনসিংহের বিপণিবিতানগুলোয় শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। দিনের চেয়ে রাতের বেলায় বেচাকেনা ভালো হচ্ছে। বিভিন্ন বয়সের ক্রেতাদেরও রাতে কেনাকাটা করতে ভালো লাগছে।

ময়মনসিংহ শহরের মার্কেটপাড়া হিসেবে খ্যাত গাঙ্গিনারপাড় এলাকার বিভিন্ন বিপণিবিতানের ব্যবসায়ীরা জানান, এসব স্থানে সকাল ১০টা থেকে ক্রেতারা আসতে শুরু করেন। দোকানগুলোয় ইফতারের সময় ৩০ মিনিটের বিরতি ছাড়া মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা।

গাঙ্গিনারপাড় এলাকায় একটি বিপণিবিতানে ঈদের কেনাকাটা করতে আসা আসমা আক্তার নামের এক গৃহবধূ গত রোববার রাতে বলেন, ‘দিনে বেশি ভিড় থাকে। প্রচণ্ড গরমের কারণে দিনে কেনাকাটা করা কঠিন। তাই আমরা রাতে কেনাকাটা করতে আসি। রাতে ভিড় একটু কম থাকলেও কোনো দোকানই ফাঁকা থাকে না। দিনে ভিড় বেশি হলেও কেনাকাটা খুব বেশি হয় না। সেই তুলনায় রাতে বিক্রি ভালো। রাতে যাঁরা আসেন তাঁদের বেশির ভাগই পছন্দের পোশাক কিনে নেন।

 গাঙ্গিনারপাড় এলাকার বারি প্লাজা, সরকার ম্যানশন, আসাদ মার্কেটে দেখা যায় তরুণীদের উপচে পড়া ভিড়। সর্বশেষ বাজারে আসা বাহারি রঙের থ্রি-পিস কিনে নিচ্ছেন তাঁরা। অনেকেই ভারতীয় সিরিয়াল বা চলচ্চিত্রের নামের পোশাক কিনছেন।

বিক্রেতাদের দাবি, আসলে কোনো পোশাকই ভারতীয় সিরিয়াল বা চলচ্চিত্রের নামে তৈরি হয় না। কিছুসংখ্যক ক্রেতার পছন্দের জন্য অনেক পোশাক ভারতীয় সিরিয়াল ও চলচ্চিত্রের নামে বিক্রি করা হয়। বিভিন্ন দোকানে মেয়েদের থ্রি-পিস ১ হাজার ৫০০ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন বয়সী নারীরা কিনছেন নিজেদের পছন্দের শাড়ি।

গত শনিবার রাত পৌনে ১০টার দিকে আক্তার ম্যানশনে গিয়ে দেখা যায়, শাড়ির দোকানগুলোয় নারীদের ভিড়। ক্রেতারা সর্বশেষ বাজারে আসা নতুন নকশার শাড়ির খোঁজখবর নিয়ে তা কিনে নিচ্ছেন। মানভেদে শাড়ি ২ হাজার থেকে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।আক্তার ম্যানশন নামের বিপণিবিতানের একটি শাড়ির দোকানের মালিক মাসুদুল হক খান বলেন, ‘শাড়ির প্রতি নারীদের ঝোঁক বেশি। আমরা বছরের দুটি ঈদে ভালো ব্যবসা করি। সময় বাঁচাতে ও বেশিসংখ্যক শাড়ি বিক্রি করতে বেশি দাম চাই না।’

তরুণেরা জিনস প্যান্ট, শার্ট, টি-শার্ট কিনলেও পাঞ্জাবির প্রতি ঝুঁকেছেন সব বয়সীরা। শহরের গাঙ্গিনারপাড় এলাকায় খাদি কুটির ময়মনসিংহের ঐতিহ্যবাহী পাঞ্জাবির দোকান। প্রায় সব বয়সীদের জন্য রয়েছে পাঞ্জাবি। ক্রেতারা জানান, খাদি কুটিরে ১ হাজার থেকে ৫ হাজার টাকা দামের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে।

পছন্দের বাহারি জুতার জন্য তরুণ-তরুণীরা যাচ্ছেন ইম্পিরিয়াল সুপার মার্কেটে। একটু বয়সীরা ঈদের জুতার জন্য ভিড় করছেন বাটা ও আজাদ প্রডাক্টসের দোকানে।

শহরের স্টেশন রোড এলাকায় কয়েকটি বিপণিবিতানে দেখা যায়, একটু কম দামে পোশাক বিক্রি হচ্ছে। নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে ওই বিপণিবিতানগুলোয় কম দামে পোশাক বিক্রি হয়। এখানে ২০০ থেকে ৮০০ টাকার মধ্যে শার্ট, প্যান্টসহ সব ধরনের পোশাক বিক্রি হচ্ছে।