
আগুনে পুড়ে ঘরের শেষ চিহ্নটুকুও আর নেই। যেখানটায় ঘর ছিল তার এক কোনায় পড়ে আছে আধা পোড়া চাল। এর পাশেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পাঁচ, দশ ও এক শ টাকার কয়েকটি ঝলসানো নোট। পোড়া ঘরের মধ্যে নির্বাক বসে আছেন পোশাকশ্রমিক মোহাম্মদ মিজান (২৪)। মধ্যরাতের আগুনে পুড়ে গেছে তাঁর সংসার। মাকে নিয়ে এই ঘরে থাকতেন তিনি। এখন কোথায় যাবেন দিশা খুঁজে পাচ্ছেন না তিনি।

গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের সদরঘাটের মাইল্ল্যা বিল বস্তি এলাকায় গিয়ে এ চিত্র দেখা যায়। গত রোববার মধ্যরাতের আগুনে পুড়ে গেছে পুরো বস্তি। কাঁচা, আধা পাকা মিলিয়ে এখানে ৫০০ ঘর ছিল। একটি ঘরও আগুন থেকে রক্ষা পায়নি। প্রতিটি ঘরে এক-একটি পরিবার থাকত। আগুনে মিজানের মতো সর্বস্ব হারিয়েছে ৫০০ পরিবার। পোশাকশ্রমিক, গৃহকর্মী, দিনমজুর, জুতার কারখানার শ্রমিক, মাছের আড়তের লোকজন এই বস্তিতে থাকতেন।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। অবশ্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, তাঁদের উচ্ছেদ করতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত পোশাকশ্রমিক মোহাম্মদ মিজান বলেন, ‘মায়ের সঙ্গে ১৮ বছর ধরে এ বস্তিতে আছি। কয়েক দিন আগে বস্তি ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু মালিকের অনুরোধে থেকে যাই। এটাই কাল হয়েছে। এখন সব পুড়ে গেছে।’
প্রায় ১৫ বছর আগে এ বস্তিতে এসেছিলেন গৃহকর্মী রহিমা বেগম। তিল তিল করে জমানো তাঁর সব সঞ্চয় আর গৃহস্থালি পণ্য এক রাতের আগুনে পুড়ে গেছে। বিলাপ করতে করতে তিনি প্রথম আলোকে বলেন, ‘কিছুই নিয়ে বের হতে পারিনি।
এক কাপড়ে মা-ছেলে বের হয়ে এসেছি। ঘরের মধ্যে টিভি, খাট—যা যা ছিল সব পুড়েছে। এসব জোগাড় করতে ১৫ বছর লেগেছে। আর আধা ঘণ্টার মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে।’
একই বস্তিতে থাকতেন রহিমার বোন বিবি হালিমা। তাঁর ঘরেরও সব জিনিস পুড়েছে। বস্তির এক প্রান্তে নিজের চেষ্টায় মুদির দোকান গড়ে তুলেছিলেন পারভীন বেগম। আগুনে তাঁর বাসা-দোকান দুটোই পুড়েছে। গতকাল বেলা একটার দিকেও তাঁর দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তিনি বলেন, ‘চাল-ডালের বস্তা পুড়েছে। দুটি ফ্রিজও ছিল। বাকি টাকার হিসাবের খাতা দুটিও পুড়ে গেছে। ২৪ বছর ধরে কষ্ট করে এ দোকান গড়ে তুলেছি। চোখের পলকেই সব শেষ।’
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, প্রায় দুই একর জায়গার ওপর বস্তিটি গড়ে উঠেছে। এখানে কয়েক হাজার লোক থাকত। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসন ও তাঁর পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হবে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, রোববার দিবাগত রাত
সোয়া একটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নগরের পাঁচটি ফায়ার সার্ভিস স্টেশনের ১৭টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। খুবই ঘিঞ্জি এলাকায় বস্তিটি গড়ে উঠেছে। সেখানে যাওয়ার রাস্তাঘাটও নেই। আগুন নেভানোর জন্য সেখানে পানির উৎসও ছিল না। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে।
তবে ফায়ার সার্ভিসের এ দাবি প্রত্যাখ্যান করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ক্ষতিগ্রস্ত ছয়জন প্রথম আলোর কাছে দাবি করেছেন, বস্তিবাসীকে উচ্ছেদ করার জন্য দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। শনিবার রাতেও আগুন দেওয়া হয়েছিল। তখন তাঁরা নিভিয়ে ফেলেন। তবে রোববার রাতের আগুন নেভানো তাঁদের সাধ্যের মধ্যে ছিল না। তাঁরা বলেন, ঘর পুড়ে গেলেও ‘জমিদার’দের (বস্তির বিভিন্ন ঘরের মালিক) কেউই তাঁদের দেখতে আসেননি।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন প্রথম আলোকে বলেন, ‘জায়গাটি ব্যক্তিমালিকানাধীন বলে জেনেছি। স্থানীয় কাউন্সিলরকে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা দিতে বলেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের ত্রাণ দেওয়া হবে।’ নাশকতার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখনো পর্যন্ত কেউ এ ধরনের অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।