মধ্যরাতের পর কলেজে ভর্তির ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দফায় সময় বাড়িয়ে অবশেষে গতকাল রোববার মধ্যরাতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। www.xiclassadmission. gov.bd ওয়েবসাইটে মনোনীত শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে।
শিক্ষাসচিব নজরুল ইসলাম খান গতকাল রাত সোয়া ১২টার একটু পর প্রথম আলোকে বলেন, ‘কলেজে ভর্তির জন্য মনোনীতদের তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এখন সবাই একসঙ্গে দেখার চেষ্টা করায় দেখতে একটু সমস্যা হতে পারে। তবে সবকিছু ঠিক আছে।’
এর কিছু সময় আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক প্রথম আলোকে বলেন, ফল তৈরি হয়ে গেছে। তিনি বলেন, তালিকা প্রকাশে দেরি হওয়ায় ভর্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে। ভর্তি কার্যক্রম চলবে আজ সোমবার থেকে ২ জুলাই পর্যন্ত। তবে ক্লাস শুরুর সময় ১ জুলাই ঠিক রাখা হয়েছে।
বোর্ড চেয়ারম্যান এর আগে দুপুরেই বলেছিলেন, ক্লাস শুরু হবে ২ জুলাই।
শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রমতে, পূর্ব প্রস্তুতি ছাড়াই একসঙ্গে সব কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির কাজ অনলাইনে করতে গিয়ে এবার বিপাকে পড়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রায় সাড়ে ১১ লাখ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী কে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে, সেই তালিকা করতে গিয়ে বোর্ডকে কারিগরি সহায়তা দেওয়া বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজিও (আইআইসিটি) হিমশিম খায়।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, মন্ত্রণালয় প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল, যেসব কলেজে শিক্ষার্থীর সংখ্যা ন্যূনতম ৩০০, কেবল ওই সব কলেজে ভর্তির কাজটি হবে অনলাইনে। খসড়া ভর্তি নীতিমালা ও মন্ত্রণালয়ের ফাইলে সেই সিদ্ধান্তের কথা বলা আছে। ফাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সইও আছে। কিন্তু তা মানা হয়নি। শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে সব কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির কাজ অনলাইনে করার সিদ্ধান্ত হয়।
৬ জুন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব এ কাজের উদ্বোধন করেন। কিন্তু কাজটি করার জন্য যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল, তা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড নেয়নি।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে গতকাল জানতে চাইলে শিক্ষামন্ত্রী কোনো মন্তব্য করেননি। তবে তিনি প্রথম আলোকে বলেন, এতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।
এদিকে গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, ভুলভ্রান্তি যা হয়েছে, এর দায়ভার তাঁর নিজের। অনলাইনে ভর্তির কাজটি পদ্ধতি হিসেবে ভালো উল্লেখ করে তিনি বলেন, এই কাজটি শুরু করতে হবে। আগামী বছর থেকে ভর্তির টাকা জমা দেওয়ার কাজও হবে অনলাইনে। আর ভবিষ্যতে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগে কেন্দ্রেই ছাপার ব্যবস্থা করা হবে। কেন্দ্রেই প্রিন্টার রাখা হবে।
শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, সিদ্ধান্তটি খুব ভালো। কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে কাজটি করতে গিয়ে সমস্যা তৈরি হয়েছে।
গতকাল বেলা দেড়টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইআইসিটিতে গিয়ে দেখা যায়, মনোনীত শিক্ষার্থীদের তালিকা তৈরির কাজ চলছে। সেখানে এ কাজের সঙ্গে যুক্ত দুজন প্রথম আলোকে বলেন, বিপুলসংখ্যক আবেদন ও বিভিন্নতার কারণে সেগুলো যাচাই করতে সময় কুলিয়ে ওঠা যাচ্ছিল না। শিক্ষার্থী ১১ লাখ ৫৬ হাজার জন হলেও মোট আবেদন পড়েছে প্রায় ৩৩ লাখ। অর্থাৎ অনেক শিক্ষার্থীই কয়েকটি করে আবেদন করেছে। আবার নানা ধরনের কোটা আছে। আছে পছন্দক্রম। এসব মেলাতে গিয়ে জটিলতা তৈরি হয়। এ ছাড়া পাঁচ হাজারের মতো শিক্ষার্থী সংশোধনের জন্য আবেদন করেছে, সেগুলো ঠিক করতে হয়েছে। সব মিলিয়ে সময়ের সঙ্গে তাল মেলানো যাচ্ছিল না। তাঁরা বলেন, এ জন্য আরও সময় দেওয়া উচিত ছিল। এত কম সময়ে এটি করা খুব কঠিন। ভুলের আশঙ্কাও থাকে। তাড়াহুড়ো করতে গিয়ে কারিগরি সমস্যাও হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বলেন, মূলত এত বড় মাপের কাজে পূর্ব অভিজ্ঞতা না থাকা এবং সফটওয়্যারের সক্ষমতা ভালোভাবে যাচাই না করেই কাজটি করতে গিয়ে কারিগরি সমস্যা হয়। এ কারণে ফল প্রকাশে দেরি হলো।
প্রথমে আইআইসিটির নিজস্ব লোক দিয়েই কাজটি হচ্ছিল। তাঁরা কুলিয়ে উঠতে না পারায় পরে বুয়েটের অধ্যাপক মো. কায়কোবাদ ও অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের কর্মকর্তাদের যুক্ত করা হয়। এরপর কাজটি গতি পায়।
বোর্ডের পূর্বঘোষিত সময় অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করার কথা ছিল। এরপর চার দফায় সময় পেছানো হয়।