নারীর পক্ষে পুরুষ: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাপোর্ট সেন্টার
মধ্যস্থতা করে সংসার টিকিয়ে রাখার উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নারী নির্যাতন, বিশেষ করে যৌতুকের জন্য হালকা জখমের অভিযোগে করা মামলার সংখ্যা কমে আসছে। এ ক্ষেত্রে ভূমিকা পালন করছে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত উইমেনস সাপোর্ট সেন্টার। অথচ নারী নির্যাতনের মামলার সংখ্যার দিক থেকে জেলাটি একসময় প্রথম স্থানে ছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগে সাংসারিক যেকোনো ঝগড়াঝাঁটির বিষয় থানায় মামলায় গিয়ে ঠেকত। বর্তমানে উইমেনস সাপোর্ট সেন্টারে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করায় অনেক অভিযোগ মামলা পর্যন্ত গড়াচ্ছে না। ফলে বাদী-বিবাদী দুই পক্ষকেই ন্যায়বিচারের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে না। মামলার পেছনে ঢালতে হচ্ছে না অর্থ। আপস নিষ্পত্তির ফলে অনেকে স্বামীর সংসারে ফিরে যাচ্ছেন। সংসার করা সম্ভব না হলে অনেক দম্পতি তালাকের সিদ্ধান্ত নিচ্ছেন। আর যেসব ঘটনায় মামলা করা প্রয়োজন, সেগুলোয় মামলা করা হচ্ছে।
পুলিশ সুপার কার্যালয়ের নিচতলায় উইমেনস সাপোর্ট সেন্টার যাত্রা শুরু করে গত বছরের আগস্ট মাসে। উপপরিদর্শক (এসআই) রাজিয়া বেগম, এএসআই শামিমা আক্তার, দুই কনস্টেবল জান্নাতুল নাঈম ও তাসলিমা আক্তার এ কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। শুরু থেকে গত ৩১ মার্চ পর্যন্ত এ কেন্দ্রে যৌতুকের জন্য মারধরসহ বিভিন্ন পারিবারিক নির্যাতনের অভিযোগ জমা পড়ে ৫০৩টি। দুই পক্ষের উকিলসহ অন্য ব্যক্তিদের উপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যস্থতায় ৩৯০টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। ২৯৮টি ঘটনায় অভিযোগকারী ফিরে গেছেন সংসারে। তালাকের ঘটনা ঘটেছে ৯২টি। আর ২৮টি ক্ষেত্রে বিভিন্ন থানায় মামলা হয়েছে। এখানে সব সেবা দেওয়া হচ্ছে বিনা মূল্যে। গড়ে প্রতিদিন ১০টি অভিযোগ (নতুন অভিযোগ তিন থেকে চারটি) নিয়ে কাজ করছেন কর্মকর্তারা।
মামলার সংখ্যা কমার প্রবণতা: পুলিশ সুপারের কার্যালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, জেলায় ২০১৪ সালে নারী নির্যাতনের মোট মামলা ছিল ৯৮৪টি। এটি ছিল জেলার মোট মামলার ১৭ দশমিক ৪৮ শতাংশ। এর মধ্যে ৪৯০টি অর্থাৎ প্রায় ৫০ শতাংশ মামলাই ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের যৌতুকের জন্য নির্যাতন-সংক্রান্ত ধারায়। গত বছরের জুলাই মাস পর্যন্ত নারী নির্যাতনের মোট মামলা ছিল ৫৫৫টি। এর মধ্যে ৩০০টি ছিল যৌতুক-সংক্রান্ত। আর উইমেনস সাপোর্ট সেন্টারের যাত্রা শুরু হলে গত বছরের আগস্ট মাস থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত মোট নারী নির্যাতনের ১৬৭টি মামলার মধ্যে যৌতুক-সংক্রান্ত মামলা ছিল ৬৫টি। যৌতুকের জন্য সাধারণ জখম করার জন্য আইনে অনধিক তিন বছর কিন্তু অন্যূন এক বছর সশ্রম কারাদণ্ড এবং এ দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডের কথা বলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘অভিযোগ পেলে আমরা মামলা হওয়ার আগে দুই পক্ষের সঙ্গে বসে বিষয়টি বোঝানোর চেষ্টা করি। সংসারটা টিকিয়ে রাখা যায় কি না, সে চেষ্টা করি। সংসারে ফিরে গেলে পরিবারগুলোকে নজরদারির আওতায় আনি। পুলিশের নজরদারির ভয়ে হোক অথবা সচেতনতা বাড়ার কারণেই হোক, বেশির ভাগ ক্ষেত্রে সংসারগুলো টিকে যাচ্ছে। কিছু ক্ষেত্রে আবার সমস্যা হলে মামলা করছে পরিবার। মামলা করার পথ সব সময়ই খোলা।’ তবে ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে মধ্যস্থতার কোনো উদ্যোগ নেওয়া হয় না। এসব অভিযোগ এলে স্বাভাবিক প্রক্রিয়ায় থানায় মামলা হয়।
মো. মিজানুর রহমান তাঁর অভিজ্ঞতায় বলেন, ‘গত বছরের জুলাই মাসে দায়িত্ব নিয়ে জানতে পারি, আমার জেলা নারী নির্যাতন মামলার সংখ্যার ক্ষেত্রে শীর্ষে। এত মামলা কেন হচ্ছে তলিয়ে দেখতে গিয়ে দেখতে পাই, অনেক ছোটখাটো ঘটনার ক্ষেত্রেও অনেকে মামলা করছে। এতে করে দুই পরিবারের সদস্যরাই হচ্ছে হয়রানির শিকার। পারিবারিক ঝগড়াঝাঁটিকে আইনি লড়াইতে রূপ দিতে যৌতুকের ধারাকে ব্যবহার করছেন আইন-সংশ্লিষ্টরা।’
গত রোববার সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো উইমেনস সাপোর্ট সেন্টারের ভেতরে প্রায় ১৫ জন নারী-পুরুষ।
নির্যাতনের অভিযোগ তুলে স্বামী মাসুদ মিয়াকে তালাক দিতে চেয়েছিলেন নাসিরনগর শ্রীঘর গ্রামের শিউলি বেগম। সাত দিন আগে শিউলি এ অভিযোগ করেন। রোববার শিউলি, শিউলির পরিবারের সদস্য, তাঁর স্বামী ও অন্যরা হাজির হন সাপোর্ট সেন্টারে। প্রায় ৩০ মিনিট কাউন্সেলিং শেষে মাসুদ মিয়ার সঙ্গে দাম্পত্য সম্পর্ক বহাল রাখার সিদ্ধান্ত জানান শিউলি।
স্ত্রী আফরোজা বেগমকে যৌতুকের জন্য আর নির্যাতন করবেন না বলে সেন্টারে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জানালেন মোকাররম মিয়া।
তালাকের ক্ষেত্রে বিবাদীকে দেনমোহরের টাকা পরিশোধের জন্য সময় দেওয়া হচ্ছে। দুই পক্ষের উপস্থিতিতেই টাকা পরিশোধ করা হচ্ছে। কিছু ক্ষেত্রে প্রতিপক্ষকে হয়রানির জন্য কিছু মিথ্যা অভিযোগ আসে। কথা বলে অভিযোগ মিথ্যা মনে হলে তাদেরও থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সাহসিকতা ও দক্ষতামূলক কাজের জন্য পুলিশ বাহিনীর পক্ষ থেকে সম্প্রতি ‘এক্সেলেন্স ইন অ্যাক্ট’ পুরস্কার পান রাজিয়া বেগম। উইমেনস সাপোর্ট সেন্টারের দায়িত্বপ্রাপ্ত রাজিয়া বেগম জানালেন, বেশির ভাগ ক্ষেত্রে নারীরাই বিভিন্ন অভিযোগ নিয়ে আসেন। সর্বনিম্ন মাস খানেকের মধ্যে অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব হয়।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সেন্টারের কার্যক্রম সম্পর্কে অবগত। সরকার বিষয়টিকে লিগ্যাল ফ্রেমওয়ার্কের আওতায় আনলে এবং বিভিন্ন জেলায় এটির কার্যক্রম শুরু হলে আরও বড় পরিসরে সুফল পাওয়া সম্ভব।
ব্রাহ্মণবাড়িয়া জেলার এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান আইন কমিশনের সদস্য এম শাহ আলম এবং আইনজীবী শাহদীন মালিক। শাহদীন মালিক বলেন, আইনেই আছে, মামলা হওয়ার পরও তা আদালতের বাইরে আপস-মীমাংসা করা যায়। তাই এ জেলার উদ্যোগ ভালো ফল আনলে তাতে আপত্তি করার কিছু নেই।
এম শাহ আলম জানালেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বাস্তবায়নে কমিশন সরকারের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারার পরিধি বাড়িয়ে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের দণ্ডসংক্রান্ত বিধানের অধীনে করা মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের কয়েকটি ধারার মামলাকে আপসযোগ্য করার সুপারিশ করা হয়েছে।