মধ্যস্থতা মামলাজট কমিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, মামলাজট মানসম্পন্ন বিচার নিশ্চিত করার ক্ষেত্রে অন্যতম বড় অন্তরায়। মধ্যস্থতা মামলাজট কমাতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে। গতকাল শুক্রবার সকালে মধ্যস্থতা বিষয়ে সচেতনতা নিয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি সুপ্রিম কোর্টের এনেক্স ভবন মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, বিচার বিভাগের কাছে মানুষের প্রত্যাশা, মামলার প্রকৃতি ও সময় দ্রুত পরিবর্তন হচ্ছে। মানুষ কোনো ধরনের বিলম্ব ছাড়া সুবিচার চায়। প্রাথমিক পর্যায়ে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করা গেলে মামলাজট কমানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ আইনের ব্যাখ্যাসম্পন্ন মামলাগুলো সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। সব ধরনের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও আমরা মামলাজট কমাতে পারছি না।’ প্রাথমিক পর্যায়েই অনেক সাধারণ বিরোধের নিষ্পত্তি করা যায়, এ মত দিয়ে প্রধান বিচারপতি বলেন, সেগুলো আদালতে আসায় মামলাজট বাড়ছে ও গুরুত্বপূর্ণ মামলার বিচারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ‘আইনজীবীরা জানেন, আমরা বিচারকেরা জানি, বাইরে থেকে মানুষ যাই বলুক না কেন, এই সীমিতসংখ্যক আদালত দিয়ে এত বিপুলসংখ্যক মামলার সমাধান করা সম্ভব না। সে জন্য আমাদের বিকল্প পদ্ধতি চিন্তা করতে হচ্ছে।’ সব ভয়ভীতি ও সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে সামাজিক দায়বদ্ধতা থেকে বিচারকাজ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন প্রধান বিচারপতি। একই সঙ্গে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করতে বিচারপ্রার্থী এবং বিচারকদের উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি। জুডিশিয়াল স্ট্রেংথেনিং (জাস্ট) প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজিত হয়। প্রকল্পের পরিচালক ও জেলা জজ এস এম কুদ্দুস জামানের সঞ্চালনায় কর্মশালায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহকারী দেশীয় পরিচালক ওন ইয়ং হং, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক, ঢাকা জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদ প্রমুখ বক্তব্য দেন। এ সময় আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা উপস্থিত ছিলেন। আয়োজকেরা বলেছেন, ইউএনডিপি বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তার ২০১২ সালের মাঝামাঝি সময়ে জাস্ট প্রকল্পের কার্যক্রম শুরু হয়। দেওয়ানি মামলা ও আপিলের ক্ষেত্রে ন্যায়বিচার বিধানে মধ্যস্থতার উপযোগিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। ঢাকায় কর্মরত বিচারক, বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীসহ ২৫০ জন কর্মশালায় অংশ নেন।