মধ্যস্বত্বভোগীদের দায়ী করল সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুচরা বাজারে সয়াবিন তেলের দাম বাড়ার জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করেছে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠকে এ মত দেওয়া হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ভোজ্যতেলের দাম কমলেও দেশের বাজারে এর কোনো প্রভাব নেই। এ জন্য মধ্যস্বত্বভোগীরা দায়ী। তারা অতিরিক্ত মুনাফার জন্য বেশি দামে তেল বিক্রি করছে। তিনি বলেন, কমিটি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। বৈঠকে মন্ত্রণালয়ের থেকে উপস্থাপিত প্রতিবেদন থেকে জানা যায়, গত আগস্টে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ভোজ্যতেলের দাম ছিল প্রতি মেট্রিক টন এক হাজার ৩০৩ ডলার, যা ডিসেম্বরে এসে দাঁড়ায় এক হাজার ২০৩ ডলারে।সূত্র জানায়, বৈঠকে শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের সম্ভাবনা যাচাই করতে আবুল কাসেমকে আহ্বায়ক করে চার সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: তহুরা আলী, টিপু মুনশি ও রুমানা মাহমুদ। এ বি এম আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, তহুরা আলী, আবুল কাসেম, টিপু মুনশি, রুমানা মাহমুদ প্রমুখ অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী (সাবেক বাণিজ্যমন্ত্রী) ফারুক খান।