মধ্যাহ্নভোজের এক ঘণ্টায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় এক ঘণ্টা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মধ্যাহ্নভোজে অংশ নিতে ওই সময় উপজেলা সদরে অবস্থান করছিলেন।

বিএনপি-সমর্থিত প্রার্থী ফজলুর রহমান অভিযোগ করেন, অতীতের সব নির্বাচনে ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের দুপুরের খাবার সংশ্লিষ্ট এলাকায় পাঠানো হয়েছিল।

কিন্তু এবার উপজেলা সদরে খাবারের আয়োজন করা হয়। কর্মকর্তাদের অনুপস্থিতির সুযোগে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল, ব্যালট কেড়ে নিয়ে সিল মেরে বাক্সে ফেলার একাধিক ঘটনা ঘটেছে।

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী লিয়াকত আলী শাহ বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে আসছিল। আমরা কোনো কেন্দ্রে অনিয়মের অভিযোগ পেলেই জানানোর সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছিলেন। কিন্তু এসব কর্মকর্তা মধ্যাহ্নভোজের জন্য দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান করেন। এ সময় আওয়ামী লীগের ক্যাডাররা প্রায় ৩০টি কেন্দ্র দখল ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও বিএনপি-জামায়াতের এজেন্টদের মারধর করে এবং জাল ভোট দেয়।’

রিটার্নিং কর্মকর্তা আনজুমান আরা বলেন, আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তা একযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান করার ঢালাও অভিযোগ সঠিক নয়। যাঁরা কাছাকাছি ছিলেন, কেবল সেসব কর্মকর্তা ইউএনওর কার্যালয়ে আসেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। অন্যদের খাবার সংশ্লিষ্ট এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।