মন ও শরীর সুস্থ রাখে যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গতকাল সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে নানা বয়সী নারী–পুরুষ যোগব্যায়াম করেন l ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গতকাল সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে নানা বয়সী নারী–পুরুষ যোগব্যায়াম করেন l ছবি: প্রথম আলো

সারি সারি ম্যাটের ওপর শারীরিক কসরত করছেন নানা বয়সী মানুষ। চারপাশে বড় স্ক্রিনে প্রজেক্টরের মাধ্যমে চলছে সচিত্র নির্দেশনা। সেই নির্দেশনার সঙ্গে তাঁরা মিলিয়ে নিচ্ছেন নিজেদের ভঙ্গিমা। শরীরচর্চা নিয়ে আগ্রহী একঝাঁক মানুষ একাগ্রচিত্তে শিখে নিচ্ছেন নানা কায়দা-কানুন।
গতকাল মঙ্গলবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের চিত্র এটি। ঢাকার ভারতীয় হাইকমিশনের আয়োজনে দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে এসেছিলেন সবাই। ‘সামঞ্জস্য ও শান্তির জন্য যোগ’—এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নিয়ে এই আয়োজন করে ভারতীয় হাইকমিশন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, ‘যোগ অনুশীলন মন ও শরীর দুটোকেই সুস্থ রাখে। আমরা এটা উপলব্ধি করতে পারি যখন ভারতের প্রধানমন্ত্রীকে দেখি। তিনি পরিশ্রম করেন, কাজ করেন, কিন্তু প্রতিদিন যোগব্যায়াম করেন। আমরা এটা থেকে শিক্ষা নিতে পারি।’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, যোগব্যায়াম মন, দেহ ও আত্মার মধ্যে সংযোগ সাধন করে। নাগরিক সমাজ চর্চা করে এর মাধ্যমে নিজেকে আরও সুন্দর ও পরিণত করে তুলতে পারে। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, যোগ হচ্ছে ছয় হাজার বছরের পুরোনো শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক চর্চা, যা শরীর ও মনের পরিবর্তন সাধন করে। যোগের উৎপত্তি ভারতে এবং এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।