
ঘড়িতে তখন রাত ১১টা। নগরের ডাকবাংলো মোড় এলাকায় তখনো যানজট। রিকশার টুংটাং শব্দ আর মানুষের ভিড়ে পরিবেশটাই অন্য রকম। দুদিক থেকেই আসছে প্রচুর মানুষ। এটি খুলনা নগরের নিক্সন মার্কেট এলাকার দৃশ্য। মধ্যবিত্তের বাজার হিসেবে পরিচিত এই এলাকায় এ বছর ঈদের কেনাকাটা হচ্ছে খুলনার যেকোনো জায়গার চেয়ে বেশি।
নগরের ডাকবাংলো এলাকায় রেলওয়ে মার্কেট, ডাকবাংলো সুপার মার্কেট, এম রহমান চেম্বার, দরবেশ চেম্বার, শহীদ সোহরাওয়ার্দী বিপণিবিতান, এস এম এ রব শপিং কমপ্লেক্সসহ পৃথক পৃথক নাম থাকলেও খুলনার মানুষ এই এলাকাকে নিক্সন মার্কেট হিসেবেই চেনে। কম দামে ভালো পণ্য বিক্রি করায় মধ্যবিত্তের প্রিয় বাজার নিক্সন মার্কেট। এ জন্য এখানে ক্রেতা যেমন বেশি, বিক্রিও অনেক বেশি।
গত মঙ্গলবার রাত ও গতকাল বুধবার দুপুরে ওই এলাকার বিপণিবিতান ঘুরে দেখা গেছে, ক্রেতাদের অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের। খুলনা বিপণিবিতানে কথা হয় মাহামুদ ফেব্রিকস নামের দোকানের বিক্রেতা সজলের সঙ্গে। তিনি জানান, কেনাকাটা খুব ভালো হচ্ছে। রাত দুইটা-তিনটা বেজে যায় দোকান বন্ধ করতে। এ বছর ভারতীয় থ্রিপিসের চাহিদা বেশি।
রিজিয়া ফ্যাশনের মো. মঈন জানান, আগে নিক্সন মার্কেটে শুধু নিম্নবিত্তদের কথা চিন্তা করেই পণ্য আনা হতো। এখন দিন বদলে গেছে। এখানে এখন উচ্চবিত্ত-মধ্যবিত্ত সব ধরনের ক্রেতারাই আসেন। বেচাকেনাও খুব ভালো হচ্ছে।
তবে বিগত বছরের তুলনায় এ বছর পোশাকের দাম কয়েক গুণ বেশি বলে দাবি করছেন ক্রেতারা। তাহমিনা মরিয়ম নামের একজন ক্রেতা বলেন, গতবারের চেয়ে পোশাকের দাম এবার অনেক বেশি। অভিজাত মার্কেটে ঢোকার জো নেই। নিক্সন মার্কেটে দাম কিছুটা কম।
এবারের ঈদে বিকিকিনি নিয়ে সেখানকার দোকানিরা খুশি হলেও আবহাওয়া নিয়ে নাখোশ। তাঁরা মনে করছেন, আবহাওয়া ভালো থাকলে বিক্রি আরও ভালো হতো।
তবে মধ্যবিত্তের এই বাজারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চললেও ভিন্ন চিত্র দেখা গেছে নিউমার্কেট, খুলনা শপিং কমপ্লেক্সসহ অভিজাত বিপণিবিতানগুলোতে। এসব অভিজাত বিপণিবিতানে এবার কেনাকাটায় মন্দাভাব।
গত বছর খুলনায় ঈদবাজারে বাজিরাও মাস্তানি, পাখি, কিরণমালার জায়গায় এবার দখল করেছে হুররাম ও বাহুবলী-২। পোশাক দুটি খুলনার ঈদের বাজারে তরুণীদের মন কেড়েছে। ভারতীয় শাড়ির চেয়ে দেশীয় শাড়ি চলছে বেশি। ঢাকাই জামদানি, টাঙ্গাইলের তাঁত, রাজশাহী সিল্ক, ঢাকাই তন্তুজ, ঢাকাই বুটিক, সিলেটের মণিপুরি তাঁত বেশি বিক্রি হচ্ছে। তরুণেরা বেশি কিনছে পাঞ্জাবি ও ক্যাজুয়াল শার্ট।
খুলনা শপিং কমপ্লেক্সের নিচতলায় নিউ তেজারাহ নামের দোকানের মালিক মোতাহার হোসেন বলেন, ‘গত বছরের চেয়ে এবার বেচাকেনা খুবই খারাপ। যেসব পরিচিত উচ্চবিত্ত পরিবারের ক্রেতারা আমাদের কাছে আসতেন তাঁদের এ বছর দেখছি না। ভারতীয় ভিসা এবং খুলনা থেকে ভারতে যাওয়া-আসা সহজ হওয়ায় খুলনার ধনীদের অধিকাংশ এবার সেখানে গিয়ে কেনাকাটা করছেন।’ তিনি জানান, এ বছর ভারতীয় পোশাকের চাহিদা বেশি। তবে দাম কম ও গুণগতমান ভালো হওয়ায় অনেক দেশীয় পণ্য ভালো বিক্রি হয়েছে।
গত দুই দিনে নিউমার্কেটে ক্রেতাদের ভিড় তেমন চোখে পড়েনি। সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর বেচাকেনা গত বছরের তুলনায় খুবই খারাপ। ক্রেতা নেই বললেই চলে। মূলত উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের জন্য এই মার্কেট পরিচিত। নিউমার্কেটের অনেক বাঁধা ক্রেতা এ বছর ভারত থেকে শপিং সারছেন বলে জানান তাঁরা। তা ছাড়া নিউমার্কেট-সংলগ্ন এবং শিববাড়ি মোড় এলাকায় অনেকগুলো দেশীয় ব্র্যান্ডের দোকান হওয়ায় নিউমার্কেটের ক্রেতারা ভাগ হয়ে গেছেন। নিউমার্কেটেও ভারতীয় থ্রিপিস বেশি চলছে।
সেখানকার আয়েশা এন্টারপ্রাইজে বাহুবলী-২ কিনতে আসা শাহরিমা তন্বী বলেন, ‘পাখি, কিরণমালা, বাজিরাও মাস্তানির দিন শেষ। এবার এসেছে হুররাম ও বাহুবলী-২। নিজের ও ছোট বোন নির্জনার জন্য বাহুবলী-২ পোশাক কিনতে মাকে সঙ্গে নিয়ে এসেছি।’
নিউমার্কেটের উইমেন্স সিটির বিক্রেতা শুভ বলেন, ‘এ বছর ব্যবসা ভালো যাচ্ছে না। আমাদের অনেক বাঁধা ক্রেতা এ বছর ভারত থেকে শপিং সারছেন বলে জেনেছি। পুরো নিউমার্কেটেরই ব্যবসা মন্দা।’
নিউমার্কেটের আদি পাবনা স্টোর নামের শাড়ির দোকানের স্বত্বাধিকারী মো. ইফতেখারুল ইসলাম বলেন, ভারতীয় শাড়ির চেয়ে দেশি শাড়ির চাহিদা বেশি। তবে ক্রেতা মিলছে খুব কম। এ বছর ব্যবসা ভালো যাচ্ছে না।
এদিকে নগরের শিববাড়ি এলাকায় ইজি ফ্যাশন, ইনফিনিটি, মিলান, দরজিবাড়ি, মেনজ ক্লাব, স্মার্ট টেক্সটসহ বিভিন্ন ব্র্যান্ডের দোকান ও নিউমার্কেট-সংলগ্ন আড়ং, সেভ এন সেফ, অঞ্জনসে ছুটছেন তরুণ-তরুণীরা।
মিলানের ব্যবস্থাপক পলাশ ইসলাম জানান, বেশ ভালো বিক্রি হচ্ছে তাঁদের। তরুণেরা সুতি পাঞ্জাবি এবং ক্যাজুয়াল শার্ট বেশি কিনছেন। তরুণীরা কিনছেন গাউন।
এদিকে অভিজাত টেইলার্স থেকে শুরু করে দরজিবাড়িগুলোর দম ফেলবার ফুরসত নেই। ক্রেতাদের চাপে প্রচণ্ড ব্যস্ততায় রাত-দিন পার করছেন দরজিশ্রমিকেরা। অনেক টেইলার্স মালিক ২০ রোজার পর আর নতুন করে অর্ডার নিচ্ছেন না।