রাজনীতিবিদদের নিজের স্বার্থের কথা না ভেবে জনকল্যাণে কাজ করতে হবে। এমন মানসিকতা না থাকলে রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত। রূপকল্প ২০২১ বাস্তবায়ন করতে হলে মন বদল করতে হবে। মন না বদলালে দিনবদল সম্ভব না। সবাইকে সেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে।গত শনিবার বিকেলে দুর্গম হাওরের ইটনা উপজেলার মহেষচন্দ্র শিক্ষা নিকেতনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ এসব কথা বলেন। স্পিকার বলেন, হাওরের বিশাল জনগোষ্ঠীকে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার ইতিমধ্যে কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। হাওরের অবহেলিত শিশুদের প্রতি সরকার বিশেষ নজর দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। জেলা প্রশাসক মো. শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ মুজিবুল হক ও আফজাল হোসেন, পুলিশ সুপার মীর রেজাউল আলম, ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।