মন পড়ে থাকবে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, তিনি কৃষকের সন্তান। শিগগিরই তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেও তাঁর মন পড়ে থাকবে এ দেশেই।
পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারিতে গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটিতে কৃষকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মজীনা। তিনি বলেন, ‘আমি খুব শিগগির বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি। তবে আমার মন পড়ে থাকবে বাংলাদেশে। কারণ, এ দেশের কৃষকেরা আমার বন্ধু। তাঁরা নতুন নতুন ভাবনা নিয়ে কাজ করেন। আমিও কৃষকের সন্তান। ঈশ্বরদীর কৃষকদের মতো আমার বাবাও সব সময় নতুন নতুন ভাবনা নিয়ে কাজ করতেন।’
মজীনা গতকাল সকালে হেলিকপ্টারে ঈশ্বরদী পৌঁছান। উপজেলায় এটি ছিল তাঁর দ্বিতীয় সফর। গতকাল প্রথমে মজীনা ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও জাতীয় ডাল গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি ছলিমপুরের বক্তারপুর গ্রামে কৃষক আমজাদ হোসেনের বিটি বেগুনখেত দেখতে যান।
মধ্যাহ্নভোজের পর বেলা আড়াইটার দিকে মিরকামারিতে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি আয়োজিত ঈশ্বরদীর বিভিন্ন গ্রামের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শনীতে যান মজীনা। সেখানে তাঁকে অভ্যর্থনা জানাতে বিভিন্ন ফলমূল, সবজি ও কৃষিপণ্য দিয়ে একটি সুসজ্জিত ফটক বানানো হয়। পরে সেখানে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন মজীনা। সোসাইটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন ইউএসএআইডির পরিচালক জ্যানিনা জেরুজালেস্কি, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ওরফে কুল ময়েজ, সাংগঠনিক সম্পাদক আবদুল বারি ওরফে কফি বারি, কৃষক আবদুল জলিল ওরফে লিচু কিতাব, কিষানি বেলি বেগম প্রমুখ।