বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, বর্তমানে আমাদের দেশে দুর্বৃত্তরা অনেক বেশি শক্তিশালী। চারদিকে বিরাজ করছে প্রগাঢ় অন্ধকার। এই অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে আমাদের জয়ী হতেই হবে। এর জন্য প্রয়োজন স্বশিক্ষিত আলোকিত মানুষ, আলোকিত যোদ্ধা। এই আলোকিত মানুষ তৈরি করাই হোক আমাদের আজকের শিক্ষকসমাজের প্রধান ব্রত। তিনি বলেন, মানুষের মন বড় করতে হলে তাঁকে বই পড়তে হবে। জ্ঞান আহরণের জন্য বই হচ্ছে মানুষের জন্য শ্রেষ্ঠ মাধ্যম। তাই বই পড়ে আমাদের মনের সংকীর্ণতা দূর করে উদার হতে হবে। গতকাল সোমবার সকালে ফরিদপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আবু সায়ীদ এ কথা বলেন। ‘আলোকিত মানুষ চাই’—এ আহ্বান সামনে রেখে ঢাকা শিক্ষা অঞ্চলের নির্বাচিত স্কুলশিক্ষকদের মতবিনিময় সভা উপলক্ষে পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ক্রিয়েটিং রেসপনসিভ ইয়াং লিডারশিপ থ্রু কালচার অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং রয়েল ডেনিস অ্যাম্বেসির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মিনা মাসুদুজ্জামান, আলতাফ হোসেন, গোপালগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা রেশমা আক্তার প্রমুখ।