মন মজেছে থ্রি-পিস ও পাঞ্জাবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ যত ঘনিয়ে আসছে, কুমিল্লার শপিং মলগুলোতে ততই ভিড় বাড়ছে।  ছবিটি গতকাল বিকেলে নগরের রামঘাট এলাকার একটি দোকান থেকে তোলা l প্রথম আলো
ঈদ যত ঘনিয়ে আসছে, কুমিল্লার শপিং মলগুলোতে ততই ভিড় বাড়ছে। ছবিটি গতকাল বিকেলে নগরের রামঘাট এলাকার একটি দোকান থেকে তোলা l প্রথম আলো

কুমিল্লায় জমে উঠেছে ঈদবাজার। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নগরের বিপণিবিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এবার মধ্যবয়সী নারীরা শাড়ির চেয়ে থ্রি-পিসের দিকে ঝুঁকছেন। নতুন ও বৈচিত্র্যপূর্ণ নকশার দেশি-বিদেশি থ্রি-পিস তরুণী ও কিশোরীদের নজর কাড়ছে। তরুণ ও কিশোরদের মন মজেছে দেশি পাঞ্জাবি ও টি-শার্টে।

এ বছর বাজারে এসেছে ভারতীয় ইশতা, রাখী, বর্ষা, হীর, জিনাম, ওমটেক্স, হায়া, কারিজমা, কাশিকা, কাদুলি, বানি, বিভা, বিবেক, বিনয়, গঙ্গা মারিয়াবি, জেরিন, ইয়াসিকি নামের পোশাক। এগুলো সর্বনিম্ন ৩ হাজার ৫০০ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। জর্জেট কাপড়ের ভারতীয় পোশাক খোয়াব, কারিনা, শবনম, কাহানির দাম ৪ হাজার থেকে ১৫ হাজার টাকা।

এবারের ঈদে দেশি ফ্যাশন হাউস আড়ংয়ের পাশাপাশি সাদাকালো, কে ক্র্যাফট, অঞ্জনস, রঙ, বিশ্বরঙ, ইনফিনিটি, ক্যাটস আই, ম্যানস ক্লাব, সিগনাল, ইজির নতুন শোরুম হয়েছে। এসব শোরুমে সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা গেছে। এসব শোরুমে নির্ধারিত দামে পোশাক বিক্রি হচ্ছে।

গত দুদিনে সরেজমিনে নগরের রেইসকোর্স এলাকার ইস্টার্ন ইয়াকুব প্লাজা, পুলিশ লাইন এলাকার মালিকা, কান্দিরপাড় খন্দকার হক ম্যানশন, সাত্তার খান, চৌরঙ্গী, আনন্দ সিটি সেন্টার, ময়নামতি গোল্ডেন টাওয়ার, হিলটন টাওয়ার, সাইবা ট্রেড সেন্টার, কুমিল্লা টাওয়ার, লাকসাম সড়কের খাদির দোকান, রাজগঞ্জ ও মনোহরপুর এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানেই ক্রেতার গমগম অবস্থা। ক্রেতাদের মধ্যে অধিকাংশই নারী।

নগরের পুরোনো চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা সালমা আক্তার বলেন, দোকানগুলোতে দাম নির্ধারিত থাকায় ক্রেতা-বিক্রেতার মধ্যে দর-কষাকষির ঝামেলা নেই।

লাকসামের গোবিন্দপুর এলাকা থেকে খন্দকার হক ম্যানশনে কেনাকাটা করতে এসেছেন আকলিমা বেগম। তিনি জানান, স্বামী বিদেশ থাকেন। পরিবারের নয়জন লোকের জন্য শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি ও জুতা কিনতে এসেছেন।

ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এবার পাঞ্জাবি সর্বনিম্ন ১ হাজার থেকে সর্বোচ্চ ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। শার্ট ১ হাজার ২০০ থেকে ৩ হাজার ৩০০ টাকা, পায়জামা ৪৫০ থেকে ৯০০, ফতুয়া ৩৫০ থেকে ৯৫০ টাকায় কিনছেন ক্রেতারা। মান ও রং বুঝে দাম নেওয়া হয়।

কুমিল্লা জেলা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন বলেন, রমজানে ঈদের বাজার জমজমাট রাখার জন্য বিভিন্ন শপিং মলের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ক্রেতাদের আকর্ষণ করার জন্য র‍্যাফল ড্রর আয়োজন করা হয়েছে।