মনগড়া এজাহার লিখে বাদীর সই নেওয়ার অভিযোগ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের বিরুদ্ধে একটি খুনের মামলায় মনগড়া এজাহার লিখে বাদীর টিপসই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে ওসি এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, বাদীর মৌখিক বিবরণের ভিত্তিতে এজাহার নেওয়া হয়েছে।জানা গেছে, আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামে গত ১ নভেম্বর কেবি ওয়াক্ফ এস্টেটের লিজধারী ও ভূমিহীনদের মধ্যে সংঘর্ষে মোতাব্বির মিয়া নামে এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় নিহতের বড় ভাই মোশারফ হোসেন ৩ নভেম্বর তাঁর এক আত্মীয়কে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। এতে ১৪১ জনকে আসামি করা হয়। অভিযোগ দাখিলের দুই ঘণ্টা পর ওসি থানায় যান। অভিযোগ উঠেছে, ওসি এই অভিযোগ দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। বাদীপক্ষকে গালাগাল করে তিনি বলেন, এ এজাহার দিয়ে হবে না। নতুন করে এজাহার লেখাতে হবে, অন্যথায় উল্টো মামলা করা হবে। কিন্তু এতে রাজি না হওয়ায় রাত নয়টা পর্যন্ত বাদীকে থানায় আটকে রাখা হয়। পরে ওসি নিজে একটি এজাহার লিখে তাতে জোর করে বাদীর টিপসই নেন। পরে বাদীর অনুরোধে ওসি এজাহারটি পড়ে শোনান। এতে দেখা যায়, মূল অভিযুক্ত ৭০-৮০ জনকে বাদ দেওয়া হয়েছে। প্রথম এজাহারে যাঁকে ৪৯ নম্বর আসামি করা হয়েছিল, তাঁকে ওসির লেখা এজাহারে করা হয়েছে এক নম্বর আসামি। এতে আপত্তি জানালে মোশাররফ ও তাঁর আত্মীয়কে থানা থেকে বের করে দেওয়া হয়। মোশাররফ হোসেনের অভিযোগ, আসামিদের কাছ থেকে ওসি পাঁচ লাখ টাকা নিয়েছেন এবং তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বিলিয়েছেন। অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, বাদীর মৌখিক বিবরণের ভিত্তিতে এজাহার লেখা হয়েছে। তাছাড়া বাদী কোনো লিখিত অভিযোগ দেননি। ঘুষ নেওয়ার বিষয়টিও অস্বীকার করেছেন ওসি। তিনি বলেন, নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে তাঁর দৃষ্টি রয়েছে। জানতে চাইলে হবিগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জিল্লুর রহমান বলেন, এজাহার যা-ই হোক না কেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হবে। মামলা থেকে কেউ বাদ পড়লেও পরে তা সংযুক্ত করা যাবে।