মনছড়া বনভূমির জমি বন্দোবস্ত বাতিলের দাবি
বন বিভাগের মৌলভীবাজারের কুলাউড়া রেঞ্জের মনছড়া বিট এলাকার ভূমি বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন স্থানীয় লোকজন। গত রোববার সকালে মনছড়া সামাজিক বনায়ন উপকারভোগী সংগঠন মানববন্ধন এবং বিকেলে বন্দোবস্ত বাতিলের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে সমাবেশ হয়েছে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুল ইসলাম গতকাল সোমবার মনছড়া বন এলাকা পরিদর্শন করেছেন। ভূমি মন্ত্রণালয় বন বিভাগের মনছড়া মৌজার বিভিন্ন দাগের ২৮০ দশমিক ৫০ একর ভূমি কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানকে ইজারা দেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছেন। প্রথম আলোয় গত রোববার ‘ভূমি বনের, বন্দোবস্ত পাচ্ছে চা-বাগান’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, মনছড়া বিটের ভূমি চা-বাগানকে বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে রোববার বেলা ১১টার দিকে মানববন্ধন হয়েছে। প্রায় এক ঘণ্টার মানববন্ধন শেষে বক্তৃতা করেন উপকারভোগী সংগঠনের সভাপতি আছিদ মিয়া, সাধারণ সম্পাদক আবদুল আজিজ প্রমুখ। এদিকে বন্দোবস্ত বাতিলের দাবিতে গত রোববার বিকেলে মনছড়া এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ হয়।