মনজুর আলমের প্রচারে হামলার অভিযোগ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রচারে হামলার অভিযোগ উঠেছে।
আজ রোববার বেলা দুইটার দিকে নগরীতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে মনজুর আলম অভিযোগ করেন, আজ বেলা একটার দিকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তাঁর নির্বাচনী প্রচারে হামলা হয়। এতে তাঁর কয়েকজন কর্মী আহত হয়েছেন।
মনজুর আলমের ভাষ্য, নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি আজও শান্তিপূর্ণভাবে প্রচার শুরু করেন। নগরের রহমান নগর এলাকায় প্রচার শেষ করে বেলা একটার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় একদল দুর্বৃত্ত পেছন দিক দিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
হামলার ঘটনা তদন্তের দাবি জানান বিএনপি-সমর্থিত এই মেয়র পদপ্রার্থী।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান দাবি করেন, লাঠিসোঁটা ও পাথর দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। হামলার মুখে কোনো রকম প্রাণ বাঁচিয়েছেন তাঁরা।
নোমানের ভাষ্য, হামলাকারীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতর থেকে এসেছে। তারা ছাত্রলীগের কর্মী হতে পারে। অথবা পলিটেকনিকের ছাত্রও হতে পরে।
হামলার বিষয়টি মহানগর পুলিশের কমিশনারকে অবহিত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।