মনজুর আলমের সমালোচনায় নাছির উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন গতকাল নগরের ফয়’স লেক এলাকায় গণসংযোগ করেন l ছবি: প্রথম আলো
চট্টগ্রামে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন গতকাল নগরের ফয়’স লেক এলাকায় গণসংযোগ করেন l ছবি: প্রথম আলো

সিটি নির্বাচনে গতকাল বুধবারের প্রচারণায় সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ মনজুর আলমের সমালোচনায় মুখর ছিলেন আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। সাবেক মেয়রের ব্যর্থতার চিত্র তুলে ধরে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ২৮ এপ্রিল সিদ্ধান্ত নিতে আপনারা ভুল করবেন না।’
জলাবদ্ধতা নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্ন নগর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে মনজুর আলম নগরবাসীকে ঠকিয়েছেন বলে অভিযোগ করেন আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, প্রতিবছর জলাবদ্ধতা হয়, মানুষ ডুবে থাকে। এর পরও তিনি লজ্জা ভুলে আবার ভোট চাইতে এসেছেন।
গতকাল সকাল থেকে আ জ ম নাছির উদ্দিন উত্তর পাহাড়তলী, আকবর শাহ, পাহাড়তলী সিডিএ মার্কেট, নেছারিয়া মাদ্রাসা, ইস্পাহানি আজম রোড, পশ্চিম ফিরোজ শাহ, কৈবল্যধাম, নিউ মনসুরাবাদ, পূর্ব ফিরোজ শাহ, মালিপাড়া, বিশ্ব কলোনি, কর্নেলহাট সিডিএ আবাসিক এলাকা, এ কে খান গেট, অলংকার, জোলাপাড়া, আবুল আলী নগর, কাজীর দেউড়ি, ব্যাটারি গলি, দামপাড়া, চট্টেশ্বরী মোড়, লালখান বাজার, গরিবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি, কুসুমবাগ আবাসিক এলাকা, আমবাগান, রেলওয়ে কলোনি ও টাইগারপাস এলাকায় গণসংযোগ করেন।
২৮ এপ্রিল সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আ জ ম নাছির উদ্দিন নাগরিকদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নিতে ভুল করলে নগরবাসীকে পিছিয়ে পড়তে হবে। গণসংযোগের ফাঁকে আ জ ম নাছির উদ্দিন দামপাড়া এলাকায় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী জহুর আহমদ চৌধুরী ও সাবেক মন্ত্রী এম এ মান্নানের কবর জিয়ারত করেন।
নগরের বিভিন্ন জায়গায় গণসংযোগের সময় আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আমি আজ আপনাদের দুয়ারে ভোট চাইতে এসেছি। আগামীতেও পাশে থাকব সেই নিশ্চয়তা দিতে পারি। আমাকে সহযোগিতা করুন, কথা দিচ্ছি-আমি আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না।’
গত মঙ্গলবার সকালে নগররে ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন আ জ ম নাছির উদ্দিন। সেখানে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি সবার সহযোগিতা ও দোয়া চান। ওই সময় সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাংবাদিক আবেদ খান উপস্থিত ছিলেন।