মনজুরকে জয়ী করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ভোটারদের উদ্দেশে লেখা খোলা চিঠিতে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
চট্টগ্রামের ভোটাররা খালেদা জিয়ার আহ্বানে সাড়া দেবেন বলে আশা করছে বিএনপি। এ ছাড়া চেয়ারপারসনের চিঠি দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করবে বলেও মনে করছে দলটি।
গত শুক্রবার খালেদা জিয়া তাঁর স্বাক্ষরিত চিঠিটি বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের কাছে পাঠান। চিঠিটি গতকাল রোববার নগরের বিভিন্ন স্থানে প্রচারপত্র হিসেবে বিলি করা হয়।
চিঠিতে চট্টগ্রাম নগরের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের কথা উল্লেখ করেন খালেদা জিয়া। তাঁর শাসনামলে চট্টগ্রামের জন্য নেওয়া উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আগামী দিনে সুযোগ পেলে আরও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন খালেদা জিয়া।
সময়স্বল্পতার কারণে চট্টগ্রাম যেতে না পারায় ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করেছেন খালেদা জিয়া। তিনি চট্টগ্রামের ভোটারদের ২৮ এপ্রিলের নির্বাচনে মোহাম্মদ মনজুর আলমকে জয়যুক্ত করার জন্য বিনীত অনুরোধ জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি চট্টগ্রামে শাহাদাত বরণ করেন। চট্টগ্রামের মাটি ও মানুষের সঙ্গে খালেদা জিয়ার আত্মার সম্পর্ক রয়েছে। তিনি প্রধানমন্ত্রী থাকার সময় চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন করেছেন। তাই তিনি মনজুর আলমকে জয়যুক্ত করার জন্য নগরবাসীর কাছে আকুল আবেদন জানিয়েছেন। আশা করি বিএনপির চেয়ারপারসনের চিঠিতে সাড়া দিয়ে চট্টগ্রামের ভোটাররা কমলালেবু প্রতীকে ভোট দেবেন।’