মোটরসাইকেলের বহর নিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় চট্টগ্রামে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে ‘কঠোরভাবে’ সতর্ক করেছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার সন্ধ্যায় মনজুরকে এ সংক্রান্ত চিঠি দেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।
শুক্রবার বিকেলে পতেঙ্গায় মনজুর আলমের প্রচারণায় মোটরসাইকেলের বহর ব্যবহার করা হয়। আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাতেই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়। জবাবে তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে উল্লেখ করেন। জবাব পাওয়ার পর তাঁকে পুনরায় সতর্ক করা হলো।
রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ‘আচরণবিধি ভঙ্গ করায় মেয়র প্রার্থী মনজুর আলমকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’
পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত নগরের প্রতিশ্রুতি নাছির উদ্দিনের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গতকাল শনিবার প্রচারণা চালিয়েছেন। পদযাত্রা, পথসভা ও জনসংযোগে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বিকেল চারটায় মোমিন রোড থেকে পদযাত্রা শুরু করেন নাছির। চেরাগি পাহাড়ের মোড়, লাভলেইন, কাজীর দেউড়ি, লালখান বাজার, টাইগার পাস মোড়, দেওয়ান হাট, বারেক বিল্ডিং ও বন্দর কাস্টমস হয়ে সল্টগোলা ক্রসিং এলাকায় গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয় এই পদযাত্রা। সেখানে এক পথসভায় নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আ জ ম নাছির উদ্দিনই পারবেন একটি সুন্দর নগর উপহার দিতে। আ জ ম নাছির উদ্দিনকে নির্বাচনে বিজয়ী করতে হবে।’
পথসভায় আ জ ম নাছির উদ্দিন সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ মনজুর আলমের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘মেয়র হয়ে তিনি গত পাঁচ বছরে আপনাদের কাছে একবারও যাওয়ার চেষ্টা করেননি। যেখানে যাই সেখানেই মানুষের কাছে নানা দুর্ভোগের কথা শুনছি। নির্বাচিত হলে এসব দুর্ভোগ আর থাকবে না।’ তিনি বলেন, জলাবদ্ধতার কষ্টের কথা কোনো মানুষকে যেন আর না বলতে হয়।
প্রচারণার সময় নাছিরের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইসহাক মিয়া, সাংসদ মঈন উদ্দীন খান বাদল, নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরীসহ নেতা-কর্মীরা অংশ নেন।
গতকাল ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজপাড়া, রাজারপুকুর পাড়, চৌধুরীপাড়া, ডেইলপাড়া, চরপাড়া, নাজিরপাড়া এলাকায় গণসংযোগ করেন আ জ ম নাছির উদ্দিন। এ সময় স্থানীয় বাসিন্দারা নানা দুর্ভোগের কথা তুলে ধরেন তাঁর কাছে।