মনজুরুল আহসান বুলবুল বিএফইউজে সভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উপনির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের মনজুরুল আহসান বুলবুল। ১০৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

নির্বাচনে মনজুরুল আহসান বুলবুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টেলিভিশনের অশোক চৌধুরী পেয়েছেন ৯৬২ ভোট। বিএফইউজের সাবেক মহাসচিব ও ডেইলি স্টারের আবদুল জলিল ভূঁইয়া পেয়েছেন ২৮৫ ভোট।
বিএফইউজের উপনির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের আজ রাত দশটায় ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, যশোর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেন।
ঢাকায় মোট ২৯৮৬ ভোটের মধ্যে ১৭৮২ ভোট পড়ে। এর মধ্যে ১৭৬টি ভোট বাতিল হয়।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী মনজুরুল আহসান বুলবুল সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে ইউনিয়ন পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২৪ জানুয়ারি বিএফইউজের সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে সভাপতির পদটি শূন্য হওয়ায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।