বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নির্বাচনে মনজুরুল আহসান বুলবুল সভাপতি ও আবদুল জলিল ভূঁইয়া মহাসচিব নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার রাতে ভোট গণনা শেষে বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
সভাপতি পদে মনজুরুল আহসান বুলবুল ভোট পেয়েছেন ৮৬৭টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ মাহমুদ পেয়েছেন ৭৫৫ ভোট। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন খায়রুজ্জামান কামাল।
শনিবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, দিনাজপুর, যশোর, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে একযোগে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
ডিইউজের সভাপতি আবদুল হাই ও সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান: ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নির্বাচনে আবদুল হাই শিকদার সভাপতি ও জাহাঙ্গীর আলম প্রধান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে এ ভোট গ্রহণ চলে। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এদিকে ডিইউজে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছে এলাহী নেওয়াজ খান সাজু-খোরশেদ আলম প্যানেল। এলাহী নেওয়াজ খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪০টি ব্যালটে নির্বাচন কমিটির চেয়ারম্যানসহ কারও স্বাক্ষর ছিল না। এ ব্যাপারে কমিটির চেয়ারম্যানকে বলেও কোনো সন্তোষজনক জবাব মেলেনি। এ ছাড়া তথাকথিত ইসলামি রাজনৈতিক দলের কয়েক শ কর্মী প্রেসক্লাব চত্বর দখল করে নেন, যা অতীতের সব ঐতিহ্যকে লঙ্ঘন করে ত্রাসের রাজত্ব কায়েম করে। এ ব্যাপারে নির্বাচনী কমিটির চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। জাল ভোটের অপরাধে পাঁচজনকে আটক করা হলেও রহস্যজনকভাবে তাঁদের ছেড়ে দেওয়া হয়।