মনজুরুল হকের ক্যামেরায় জাপানের মানুষ ও প্রকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গতকাল শুরু হয়েছে জাপানপ্রবাসী সাংবাদিক মনজুরুল হকের পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখার সময় অতিথিদের সঙ্গে নিজের ছবি নিয়ে কথা বলেন মনজুরুল হক ছবি: প্রথম আলো
ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গতকাল শুরু হয়েছে জাপানপ্রবাসী সাংবাদিক মনজুরুল হকের পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখার সময় অতিথিদের সঙ্গে নিজের ছবি নিয়ে কথা বলেন মনজুরুল হক ছবি: প্রথম আলো

ছবির বিষয়বস্তু সাধারণ। জাপানের দিগন্তবিস্তৃত মাঠ, রহস্যঘেরা নীল আকাশ, নিসর্গের কোমল হাতছানি, বরফে ঢাকা পাহাড়, মানুষ, চেরি ফুল। অর্থাৎ জাপানকে ঘিরে আলোকচিত্রীর যত ধ্যান। শৈল্পিক আবহে তিনি একটি সাধারণ বিষয়কেও অসাধারণ করে তুলেছেন। ১৫ বছর ধরে তোলা জাপানপ্রবাসী সাংবাদিক মনজুরুল হকের এসব ছবি নিয়ে গতকাল শনিবার বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী ‘শাশ্বত জাপান’।
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস ও প্রথম আলোর যৌথ আয়োজনে গতকাল মনজুরুল হকের একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকার জাপান দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর হিরোইউকি মিনামি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী রফিকুন নবী, আলোকচিত্রী মনজুরুল হক, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী।
বেঙ্গল গ্যালারির সামনের উঠানে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দর্শকদের স্বাগত জানান সুবীর চৌধুরী। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান জানালেন, প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত নভেম্বর মাস থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘শাশ্বত জাপান’ প্রদর্শনীটি তারই একটি অংশ। তিনি বলেন, ‘মনজুরুলকে জানি ষাটের দশকের শেষ সময় থেকে। তিন মৃদুভাষী, বিনয়ী। সাংবাদিকতায় তাঁর সক্রিয়তা সব সময় টের পাই। দীর্ঘ সময় ধরে জাপানে বসবাসকালে একাধিক পেশার সঙ্গে যুক্ত থেকে ফটোগ্রাফিতে বিশেষ আগ্রহের সঙ্গে জড়িয়ে পড়েন। বিশ্বের বিভিন্ন দেশ-সমাজ-সংস্কৃতি নিয়ে রয়েছে তাঁর গভীর অনুসন্ধিৎ সা।’
নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মনজুরুল হক বলেন, ‘কলম নিয়ে জাপানে ঘুরতে ঘুরতে ক্যামেরায় ধারণ করেছি নানা বিষয়। একপর্যায়ে দেখলাম, অনেক ছবি হয়েছে। মনে হলো, বাংলাদেশের বৃহত্তর দর্শকদের কাছে ছবিগুলো উপস্থাপন করতে পারলে ভালো হতো। এই প্রদর্শনীর সব আলোকচিত্রকে ১২ ক্যাটাগরিতে ভাগ করেছি। সৌন্দর্যের আড়ালে অনেক কিছু থাকে, যা প্রতিটি বিষয়ের বর্ণনায় তুলে ধরা হয়েছে।’
প্রদর্শনীর মাধ্যমে অপরূপ জাপানকে তুলে ধরার জন্য আলোকচিত্রীকে ধন্যবাদ জানান জাপান দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর হিরোইউকি মিনামি। শিল্পী রফিকুন নবী তাঁর সাম্প্রতিক সময়ে জাপান ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘মনে হচ্ছে, সেই জাপানকেই এখন আবার দেখছি।’
আলী যাকের বলেন, ‘সাংবাদিক হলেও এগুলো শুধু সংবাদচিত্র নয়। ছবিগুলো ব্যতিক্রম এবং কিছু কিছু ছবিতে বিমূর্ততাও আছে।’ এরপর উদ্বোধন ঘোষণা করেন শিল্পী কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ‘ছবিগুলো দেখে মনে হয়েছে, তিনি শুধু আলোকচিত্রে দক্ষই নন, বরং সৃষ্টিশীলও।’
প্রদর্শনীতে মোট আলোকচিত্রের সংখ্যা ১৩৩টি। ছবিগুলোর মধ্যে তথ্যগত ও নান্দনিক দুটি বিষয় আছে। এর মধ্যে যেমন রয়েছে গতানুগতিক ‘দ্য বিউটিফুল জাপান’, তেমনি রয়েছে ‘টোকিও মোটর শো’, যা আধুনিক এবং প্রযুক্তিতে অগ্রগামী জাপানকে তুলে ধরেছে। এ ছাড়া প্রদর্শনীর আলোকচিত্রগুলোর মধ্যে রয়েছে রাজকীয় বিভিন্ন আচার, প্রাচীন উপাসনালয় এবং সারা বছর ধরে কীভাবে ঋতুর পরিবর্তন ঘটে, সেসব স্থিরচিত্র।
প্রদর্শনী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। সময় দুপুর ১২টা থেকে রাত ৮টা।