
চেরি ফুল ফুটে আছে গাছে। গাছ ঘিরে যেন রঙিন প্রজাপতির মেলা। কিছু ফুল ঝরে পড়েছে নদীতে। একটু এগিয়ে মিলল কাশফুলের মতো সাদা বরফ। বরফকেই মঞ্চ বানিয়ে গানে ব্যস্ত এক জাপানি নারী। পরনে তার দেশের ঐতিহ্যবাহী পোশাক।
পাশের ছবিতে নান্দনিক সৌন্দর্যের একটি বাড়ি। বাড়ির পাশে কৃত্রিম ঝরনার পানি গড়িয়ে পড়ছে। দূরে ফুজি পাহাড়। বরফঢাকা পাহাড় ছুঁয়ে আছে আকাশ। নিচে শহর। আরেকটি ছবিতে দূর থেকে দেখা যাচ্ছে শহর। শহরের ওপাশে পাহাড়। পাহাড়ের চূড়ায় সূর্যের আলো পড়ে চিকমিক করছে। সব ছবিই দৃষ্টি কেড়ে নেয়।
‘ছবিগুলো মনে শান্তি দেয়।’ ধানমন্ডির বেঙ্গল গ্যালারির বারান্দায় দাঁড়িয়ে কথাটি বলছিলেন সেখানকার একজন কর্মী। গতকাল শুক্রবার চলছিল বিচিত্র ও বর্ণিল এই আলোকচিত্র নিয়ে প্রদর্শনী সাজানোর আয়োজন। জাপান-প্রবাসী সাংবাদিক মনজুরুল হক ক্যামেরায় ধারণ করেছেন এগুলো।
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস ও প্রথম আলোর যৌথ আয়োজনে আজ শনিবার থেকে মনজুরুল হকের ‘শাশ্বত জাপান’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে। প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ঢাকায় জাপান দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর হিরোইউকি মিনামি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। আজ বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে এই প্রদর্শনী।
মনজুরুল হক একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক। দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করছেন। তিনি জাপানে প্রথম আলোর ব্যুরো চিফ এবং এনএইচকে ওয়ার্ল্ডে একজন রেডিও ব্রডকাস্টার হিসেবে কাজ করার পাশাপাশি টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ এবং কিসেন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।
মনজরুল হক জানালেন, প্রথম আলোয় সাংবাদিকতার সূত্রে তিনি জাপানের বিভিন্ন শহর ঘুরেছেন। সাংবাদিকতা, পর্যটন ও জাপানি সংস্কৃতি এবং জীবনচর্চার প্রতি তাঁর আগ্রহ ও অনুসন্ধিৎসা তাঁকে আগ্রহী করে তোলে ফটোগ্রাফি চর্চায়। এই চর্চা যে কত গভীরতাসঞ্চারী, তাঁর তোলা কিছু ছবির দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে ওঠে।
কী নেই এই আলোকচিত্র প্রদর্শনীতে? জাপানি জীবনধারার বিভিন্ন অনুষঙ্গ ক্যামেরায় বন্দী করেছেন তিনি। জাপানি সংস্কৃতির প্রতি তাঁর অনুরাগ প্রমাণিত হয়েছে আলোকচিত্রগুলোতে। তাঁর তোলা ছবির মধ্যে নদী, পর্বত, নিসর্গ যেমন মূর্ত হয়ে উঠেছে, তেমনি আছে ঐতিহ্যবাহী জাপানি সংস্কৃতির নানা ধারার প্রতিবিম্বন। জাপানের ঐতিহ্যবাহী উৎসব, নাটক, পোশাক, কোনো কিছুই তাঁর চোখ এড়ায়নি। এক কথায় মনজুরুল হকের জাপানি সমকালীন জীবনধারার ছবিগুলো দর্শকদের নতুন আলো নিয়ে চিনিয়ে দেবে জাপানকে। যে জাপান শাশ্বত।
মনজুরুল হকের জন্ম ঢাকায়। ঢাকা কলেজে পড়াশোনার পর উচ্চতর শিক্ষার জন্য তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নে গমন করেন এবং মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে প্রথমে এমএ ডিগ্রি লাভ করেন। পিএইচডি কোর্সে অধ্যয়নরত অবস্থায় তিনি ঢাকায় ফিরে আসেন এবং ইউনাইটেড নেশনস ইনফরমেশন সেন্টারে যোগ দেন। পরবর্তী সময়ে মনজুরুল হক লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কিছুদিন পেশাগত দায়িত্ব পালনের পর ১৯৯৪ সাল থেকে জাপানে বসবাস শুরু করেন।
মনজুরুল হক জানালেন, প্রদর্শনীতে মোট আলোকচিত্রের সংখ্যা প্রায় ১৩০টি। প্রায় দুই দশক জাপানে অবস্থানকালে তিনি ২০১১ সালের সুনামির ধ্বংসযজ্ঞ, দুর্ঘটনাকবলিত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রসহ পুরো দেশ ঘুরে বেড়িয়েছেন। মনজুরুল হক দ্বিতীয়বারের মতো জাপানে তোলা তাঁর আলোকচিত্রগুলো বাংলাদেশি দর্শকদের সামনে তুলে ধরছেন। এর আগে ২০০৩ সালে তাঁর একটি একক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। অবশ্য ওই প্রদর্শনীর বিষয় ছিল ভিন্ন।
প্রদর্শনী চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।