মনজুরের ওয়ার্ড ক্যাম্পে ছাত্রলীগের হামলা, ভাঙচুর
চট্টগ্রামের ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের নির্বাচনী ক্যাম্পে ছাত্রলীগের কর্মীরা হামলা ও ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘মনজুর আলম রোববার (আজ) বাংলাবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাবেন। তাই সেখানে তাঁর নির্বাচনী ক্যাম্পে বসে প্রস্তুতি সভা করছিলাম। বিকেলে ছাত্রলীগের সাবেক নেতা মেহেদীর নেতৃত্বে ৫০-৬০ জন ঝাড়ু, লাঠি ও জুতা নিয়ে মিছিল বের করে। মিছিল থেকে কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর এবং কর্মীদের মারধর করে। এতে ১০-১২ জন কর্মী আহত হয়েছে।’
পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘স্থানীয় ভূমিহীন লোকজন হামলা চালিয়েছে। কারণ, মনজুর আলম মেয়র থাকাকালীন ওদের উচ্ছেদের জন্য নোটিশ পাঠিয়েছিল। বরং আমি ঘটনাস্থলে গিয়ে ওয়াহিদুল আলম সাহেবকে উদ্ধার করে গাড়িতে তুলে দিই।’
হামলার বিষয়ে বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব দত্ত বলেন, ‘বাংলাবাজারে হামলার ঘটনায় আমরা কোনো অভিযোগ পাইনি।’
এ বিষয়ে গতকাল সন্ধ্যায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হামলার ঘটনায় মামলা করা হবে। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সাবেক হুইপ ওয়াহিদুল আলমসহ ১০-১২ জনের ওপর বেপরোয়া হামলা চালায়।’
মনজুরের গণসংযোগ: নগরের ঈদগাহ, বার কোয়ার্টার ও পাহাড়তলী বাজার এলাকায় গতকাল বিকেলে গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বাবুল হক ও ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। গণসংযোগে মনজুর আলমের ‘কমলালেবু’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানসংবলিত প্রচারপত্র বিতরণ করা হয়।
ঈদগাহ কাঁচাবাজার এলাকায় অনুষ্ঠিত পথসভায় মোহাম্মদ মনজুর আলম বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে আবার আমাকে সুযোগ দেওয়ার অনুরোধ করছি।’
পথসভায় আবদুল্লাহ আল নোমান দাবি করেন, ‘মনজুর আলম মেয়রের দায়িত্ব পালনকালে সিটি করপোরেশনকে দলীয়করণ, দুর্নীতি করেননি। কারও কাছ থেকে ঘুষ নেননি, চাঁদাবাজি করেননি। তাই আগামী নির্বাচনে তাঁর জন্য জনগণের কাছে ভোট চাই।’
এর আগে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মনজুর আলমের সমর্থনে নগরের চট্টেশ্বরী এলাকায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের বাড়ির প্রাঙ্গণে মতবিনিময় সভা হয়। এতে নগর বিএনপির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন মেয়র প্রার্থী মনজুর আলম, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, সামশুল আলম প্রমুখ।
সভায় মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, ‘সিটি করপোরেশনের মেয়রের চেয়ার পবিত্র। আমাদের প্রার্থী মেয়র থাকাকালে ওই চেয়ারকে কলঙ্কিত করেননি। পবিত্র এই চেয়ারকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মনজুর আলমকে আবার বিজয়ী করতে হবে।’
ওয়েবসাইট উদ্বোধন: নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় গতকাল সকালে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম আযাদ, সদস্যসচিব এস ইউ এম নুরুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক চিকিৎসক খুরশিদ জামিল চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রমুখ। মনজুর আলম চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে নির্বাচন করছেন।