মনজুরের প্রচারণার গাড়িতে হামলা
বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রচারণার কাজে ব্যবহৃত গাড়িতে ছাত্রলীগের কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পলিটেকনিক মোড়ে এ ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।
হামলার সময় মনজুর আলম গাড়িতে ছিলেন না। হামলার সময় চালক, মাইকম্যানসহ ছয়-সাতজন কর্মী ছিলেন। তাঁদের মারধর করা হয়। গাড়ির সামনের কাচ ভাঙচুর করা হয়েছে। হামলায় গাড়িচালক মোহাম্মদ খোরশেদ ও মাইকম্যান বাবুল আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ছাত্রলীগ নামধারী প্রায় ৩০-৪০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে গাড়ির সামনের আয়না ভাঙচুর করে। গাড়িতে থাকা মাইক-ব্যাটারি, লিফলেট ও ব্যানার ছিনিয়ে নেয়। হামলাকারীরা জয় বাংলা ও হাতি মার্কার পক্ষে স্লোগান দেয়।
মেয়র পদপ্রার্থী মনজুর আলমের ছেলে সারোয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) নির্বাচনী ইশতেহার ঘোষণা নিয়ে ব্যস্ত থাকায় নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দিইনি। কাল (শুক্রবার) এ ব্যাপারে লিখিত অভিযোগ দেব।’
এ বিষয়ে খুলশী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্তী প্রথম আলোকে জানান, মনজুর আলমের প্রচারণার গাড়িতে হামলার ঘটনায় গাড়িচালক বাদী হয়ে মামলা করেছেন। এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।
ছাত্রলীগের নগর শাখার সাধারণ সম্পাদক নুরুল আজিম হামলার ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমরা মানুষের দুয়ারে দুয়ারে ভোটভিক্ষা করছি। হামলা করে জয়লাভ করার নীতিতে বিশ্বাসী না।’