মনজুরের বাসায় নাছির চাইলেন সহযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন গতকাল সকালে সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসায় যান। সেখানে হাস্যোজ্জ্বল দুই নেতা l ছবি: প্রথম আলো
নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন গতকাল সকালে সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসায় যান। সেখানে হাস্যোজ্জ্বল দুই নেতা l ছবি: প্রথম আলো

সাবেক মেয়র ও বিশেষজ্ঞদের সহযোগিতা নিয়ে নগর পরিচালনা করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি গতকাল রোববার করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র ও নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
মেয়র আ জ ম নাছির গতকাল বেলা ১১টা ২৩ মিনিটে নগরের সিটি গেট এলাকায় মনজুর আলমের বাসা মোস্তফা-হাকিম ভবনে যান। মনজুর আলমের দুই ছেলে নিজামুল আলম ও সাইফুল আলম তাঁকে স্বাগত জানান। এ সময় বর্তমান ও সাবেক দুই মেয়র পরস্পরকে মিষ্টিমুখ করান এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। তাঁরা এক অপরকে বেয়াই সম্বোধন করেন। প্রায় ৪০ মিনিট ওই বাসায় ছিলেন নতুন মেয়র। মনজুর আলমের চতুর্থ ছেলে সাইফুল আলমের চাচাশ্বশুর আ জ ম নাছির।
সাবেক ও বর্তমান মেয়রের সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সাংসদ এম এ লতিফ ও দিদারুল আলম, করপোরেশনের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ, শ্রমিকনেতা সফর আলী প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আ জ ম নাছির ও মনজুর আলম। দায়িত্ব পালনকালে সাবেক মেয়রের সহযোগিতা নেবেন কি না, জানতে চাইলে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘অবশ্যই সাবেক মেয়রের সহযোগিতা চাইব। ওনার আগে দায়িত্ব পালনকারী মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও মাহমুদুল ইসলাম চৌধুরীরও সহযোগিতা-পরামর্শ নেব। নগর পরিচালনায় তাঁদের অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নেব।’
মেয়রের দায়িত্ব কখন নিচ্ছেন, জানতে চাইলে আ জ ম নাছির বলেন, ‘এখানে ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার কোনো বিষয় নেই। এ ব্যাপারে আইনি জটিলতা রয়েছে। যেহেতু আগের কাউন্সিলরদের মেয়াদ শেষ হবে ২৫ জুলাই। তাই সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর আমার কোনো তাড়াহুড়ো নেই। এ ব্যাপারে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন।’
তবে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব ও বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে কথা বলে করপোরেশনের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর রাখছেন বলে জানান আ জ ম নাছির। তিনি বলেন, আপাতত বাইরে থেকে কার্যক্রম পরিচালনায় করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশ দেওয়া হচ্ছে।
মনজুর আলম বলেন, ‘গতবার নির্বাচিত হওয়ার এক দিন পরেই সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গিয়েছিলাম। এবার নাছির সাহেব আমার বাসায় এসেছেন। এই রীতিনীতি প্রচলন থাকলে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে।’ বর্তমান মেয়রকে সহযোগিতা করার বিষয়ে মনজুর আলম বলেন, ‘নাছির সাহেব যদি প্রয়োজন মনে করেন, তাহলে আমার পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতা করা হবে।’ তিনি জানান, জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে নিজের তহবিল থেকে প্রায় দুই কোটি টাকার সরঞ্জাম কিনেছিলেন তিনি। এসব যন্ত্রপাতি নতুন মেয়র চাইলে ব্যবহার করতে পারবেন। নগরের উন্নয়নে বর্তমান মেয়রকে সার্বিক সহযোগিতা করবেন বলেও তিনি জানান।