মনজুরের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাক্ষাৎ
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।
সোমনাথ হালদার গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের কাট্টলী এলাকায় মনজুর আলমের বাসভবনে যান।
মনজুর আলম ভারতীয় সহকারী হাইকমিশনারের উদ্দেশে বলেন, চট্টগ্রাম থেকে চিকিৎসার জন্য ভারতে যেতে রোগী এবং তাঁদের স্বজনদের ভিসা পেতে নানা ভোগান্তি পোহাতে হয়। ভিসাপ্রাপ্তির দীর্ঘসূত্রতার কারণে অনেক রোগী চিকিৎসার জন্য সময়মতো ভারতে যেতে পারেন না।
চিকিৎসার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে সহকারী হাইকমিশনারের প্রতি অনুরোধ জানান মনজুর আলম।
ভারতীয় হাইকমিশনার বলেন, অতীতের মতো চট্টগ্রামের উন্নয়নে ভারত সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ভারতে চিকিৎসার জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
সৌজন্য সাক্ষাতের সময় মনজুর আলমের ছেলে ও মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক সারোয়ার আলম উপস্থিত ছিলেন।