মনজুরের সঙ্গে সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতারা বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী মনজুর আলমের সঙ্গে দেখা করেছেন। সদ্য বিদায়ী মেয়রের কাট্টলীর বাসভবনে গিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে তাঁরা সাক্ষাৎ করেন। এর আগে সংগঠনের নেতারা আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি কাজী খায়রুল বাশার। সংগঠনের উপদেষ্টা ওয়াজি উল্লাহ বাদল, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি মো. সেলিম রেজা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
মনজুর আলম বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামসহ দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করে যেতে হবে। এ জন্য উৎপাদন ও বাণিজ্য-বান্ধব পরিবেশ বিদ্যমান থাকা জরুরি। আমদানি-রপ্তানি বাণিজ্য সুষ্ঠুভাবে চলমান রাখার জন্য সংগঠনের নেতাদের অভিনন্দন জানান তিনি।
কাজী খায়রুল বাশার প্রথম আলোকে বলেন, ‘গত ১৬ মার্চ কর্মচারী ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আমাদের কর্মক্ষেত্র সিটি করপোরেশন এলাকায়। এই সংগঠনকে যাতে মূল্যায়ন করা হয় সে জন্য প্রধান দুই দলের মেয়র প্রার্থীর সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি।’ তিনি জানান, তাদের সংগঠনে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত-সমর্থিত সদস্য রয়েছেন। এটি অরাজনৈতিক সংগঠন।