মনজুরের সমর্থকদের ওপর হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনজুর আলমের সমর্থনে প্রচারণা চালানোর সময় দুটি স্থানে সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেছে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন। এতে তিনজন ছুরিকাহতসহ ১০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। মনজুর চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে নির্বাচন করছেন।
উন্নয়ন আন্দোলন এক বিজ্ঞপ্তিতে জানায়, বিকেল পাঁচটায় মনজুর আলমের সমর্থনে ছাত্রদলের কর্মীরা পলিটেকনিক কলেজ এলাকা পার হওয়ার সময় সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় আরিফ, সাখাওয়াত ও পেয়ার নামের তিনজনকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় আরও পাঁচ-সাতজন আহত হয়েছেন বলে দাবি করা হয়। সন্ত্রাসীরা মনজুরের প্রচারণায় ব্যবহৃত লিফলেট ছিঁড়ে ফেলে। অন্যদিকে লালখানবাজারের বাঘঘোনা এলাকায় বেলা ১১টার দিকে মনজুরের সমর্থনে প্রচারণার সময় নারীদের ওপর হামলা হয়।
তবে খুলশী থানার উপপরিদর্শক আনসারুল করিম প্রথম আলোকে জানান, ‘এ ধরনের ঘটনা ঘটলে প্রথমেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা। কিন্তু ঘটনার সময় বা পরেও কেউ অভিযোগ করেনি। এর পরও সাংবাদিকদের কাছ থেকে অভিযোগ শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করেছে। হামলার ঘটনার সত্যতা পাওয়া যায়নি।’
এ বিষয়ে উন্নয়ন আন্দোলনের সদস্যসচিব এস ইউ নুরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় মামলা করা হবে। তাঁর দাবি, ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা এই হামলা চালিয়েছেন।